কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত বিশিষ্ট রাজনীতিক, মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ ময়েজউদ্দিন আহমেদের ৩২তম শাহাদতবার্ষিকী আজ। তিনি ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ২২ দল আহুত হরতালের মিছিলে নেতৃত্ব দেয়ার সময় সন্ত্রাসীদের হামলায় শাহাদাৎ বরণ করেন।
১৯৩০ সালের ১৭ মার্চ ময়েজউদ্দিন গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার বড়হরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ ছুরত আলী, মাতার নাম শহরবানু। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির পিতা ।
ময়েজউদ্দিন ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা করার জন্য গঠিত ‘মুজিব তহবিলের’ আহ্বায়ক ছিলেন। তিনি বৃহত্তর ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭০ এবং ১৯৭৩ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কালিগঞ্জ নির্বাচনী এলাকা থেকে প্রাদেশিক পরিষদ সদস্য এবং জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজে জড়িত ছিলেন। তিনি ১৯৭৭ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ রেডক্রস (বর্তমানে রেডক্রিসেন্ট) সোসাইটির নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)’র মহাসচিব হিসেবে দায়িত্বও পালন করেন।
শহীদ ময়েজউদ্দিন একজন দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের সংগঠক, প্রজ্ঞাবান রাজনীতিক, বিশিষ্ট সমাজসেবক ও সাধারণ জনকল্যাণে নিবেদিতপ্রাণ মানুষ হিসেবে ইতিহাসে এবং মানুষের হৃদয়পটে চিরস্মরণীয় হয়ে থাকবেন। মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে গৌরবময় ভূমিকা পালন করায় সরকার তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘স্বাধীনতা পদকে’ ভূষিত করে।
শাহাদৎ বার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলার কালীগঞ্জ থানা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৯ টায় বনানী কবরস্থানে শহীদের কবরে ফুল দিয়ে তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন ও রুহের মাগফেরাত কামনা, সকাল সাড়ে ১০ টায় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ অফিসে মিলাদ ও দোয়া মাহফিল, সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে শহীদ ময়েজ উদ্দীন স্মৃতিস্তম্ভে শ্রদ্বাঞ্জলি নিবেদন, দুপুর ১২ টায় কালীগঞ্জের শহীদ ময়েজ উদ্দীন ফেরীঘাটে দোয়া মাহফিল, মিলাদ ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ। দুপুর ১টায় নোয়াপাড়া শহীদ ময়েজউদ্দীন উচ্চবিদ্যালয় মাঠে দোয়া ও মিলাদ মাহফিল।
এছাড়াও ২৯ সেপ্টেম্বর বিকাল ৩ টায় কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া উচ্চবিদ্যালয় মাঠে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। স্মরণসভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি থাকবেন।

