স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০১১ সালে। গত পাঁচ বছরে খেলেছেন ৩১টি টেস্ট। কিন্তু ক্রেইগ ব্রাফেট কখনো ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি খেলার সুযোগ পাননি। ব্রাফেটের সীমিত ওভারের ক্রিকেটে খেলার সেই স্বপ্ন এবার পূরণ হওয়ার পথে। উদ্বোধনী এই ব্যাটসম্যান যে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন।
ক্যারিবীয় ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এভিন লুইস ও আলজেরি জোসেফও। আর টি-টোয়েন্টি দলে এসেছেন অভিষেকের অপেক্ষায় থাকা রোভম্যান পাওয়েল ও নিকোলাস পুরান।নিজের ইচ্ছাতেই টি-টোয়েন্টি দলে নেই ক্রিস গেইল। ফ্লোরিডায় ভারতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও চোটের জন্য কোনো ম্যাচেই খেলতে পারেননি এই তারকা ব্যাটসম্যান।
টি-টোয়েন্টি দলে আবারও উপেক্ষিত প্রাক্তন অধিনায়ক ড্যারেন স্যামি। ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে না খেলায় ওয়ানডে সিরিজের জন্য বিবেচনা করা হয়নি গেইল, স্যামি, ডোয়াইন ব্রাভো, লেন্ডল সিমন্স, আন্দ্রে রাসেল ও স্যামুয়েল বদ্রিকে।সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৩, ২৪ ও ২৭ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর ১৩ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ, দুবাইয়ে যার প্রথমটি হবে দিবা-রাত্রির।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: জেসন হোল্ডার (অধিনায়ক), সুলেমান বেন, কার্লোস ব্রাফেট, ক্রেইগ ব্রাফেট, ড্যারেন ব্রাভো, জোনাথন কার্টার, জনসন চার্লস, শ্যানন গ্যাব্রিয়েল, আলজেরি জোসেফ, এভিন লুইস, সুনীল নারিন, অ্যাশলে নার্স, কাইরন পোলার্ড, দিনেশ রামদিন, মারলন স্যামুয়েলস।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: কার্লোস ব্রাফেট (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, ডোয়াইন ব্রাভো, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, জেসন হোল্ডার, এভিন লুইস, সুনীল নারিন, কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, জেরোম টেলর, চ্যাডউইক ওয়ালটন।

