আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে তুরস্ক । সোমবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলাত ক্যাভুসোগলু এ তথ্য নিশ্চিত করেছেন। পরামর্শ করার জন্য এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত অস্ট্রিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের জন্য রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ক্যাভুসোগলু বলেন, ‘দুঃখজনকভাবে অস্ট্রিয়ার সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় স্বাভাবিক সম্পর্ক ও সহযোগিতা নষ্ট হয়ে গেছে। এ কারণে তাদের সঙ্গে আমাদের সম্পর্কের বিষয়টি পুনঃমূল্যায়ন প্রয়োজন।’
তিনি বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) গেরিলাদের সমর্থনে মিছিল-সমাবেশ করেছে। এ কারণে এর আগে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতকে আঙ্কারায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছিল।
প্রসঙ্গত, গত ২০ আগস্ট ভিয়েনায় পিকেকের এই মিছিল-সমাবেশে হয়েছিল। এতে প্রায় ৬০০ লোক যোগ দিয়েছিল।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ আমরা দেখেছি পিকেকে ও তার সমর্থকদের ভিয়েনায় বিক্ষোভ সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। এটা সততা ও দায়িত্বশীলতার সঙ্গে করা হয়নি। সন্ত্রাসবাদকে সমর্থন করে এ ধরণের আচরণের বিরুদ্ধে আমরা চুপচাপ থাকতে পারি না।’
গত কয়েক সপ্তাহে তুরস্ক ও অস্ট্রিয়ার মধ্যকার সম্পর্ক অনেক বেশি তিক্ত হয়ে উঠতে শুরু করে। চলতি আগস্ট মাসের শুরুতে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কার্ন তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর রাজনৈতিক দমন-পীড়নের জন্য তুর্কি সরকারের তীব্র সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, তুরস্কের এই একটি উদাহরণের কারণেই দেশটি ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে পারবে না। ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার বিষয়ে সংস্থার সঙ্গে তুরস্কের যে আলোচনা চলছে তা নিতান্তই কল্পনা।

