নিজস্ব প্রতিবেদক : বসুন্ধরা সিটিতে আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের গঠিত তদন্ত কমিটির পাশাপাশি নিজেরাও পৃথক একটি তদন্ত কমিটি করবে বলে জানিয়েছে বসুন্ধরা কর্তৃপক্ষ।সোমবার বসুন্ধরা সিটির হেড অব মার্কেটিং জসিম উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এ সময় তিনি বলেন, মার্কেটটি বুধবার নাকি বৃহস্পতিবার খুলে দেওয়া হবে সে সিদ্ধান্ত নেবে তাদের নিজস্ব তদন্ত কমিটি।
জসিম উদ্দিন সাংবাদিকদের জানান,‘এখন ফায়ার সার্ভিস ডাম্পিংয়ের কাজ করছে। ড্যাম্পিংয়ের পর ফায়ার সার্ভিস আমাদের কাছে মার্কেট হস্তান্তর করবে। এরপর আমরা মার্কেটের সবদিক পর্যবেক্ষণ করবো।’
তিনি আরও বলেন,‘ফায়ার সার্ভিস একটি তদন্ত কমিটি গঠন করেছে। আমরাও ছয় সদস্যের একটি কমিটি গঠন করবো। কমিটি তদন্ত করে দেখবে কারও গাফিলতি ছিল কিনা, জনবল কম ছিল কিনা। ক্ষয়-ক্ষতির বিষয়ে তিনি বলেন, পুরোপুরি ১১টি এবং আংশিক ২০/২২ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
মার্কেট খোলার বিষয়ে তিনি বলেছেন, আমাদের তদন্ত কমিটি সিদ্ধান্ত নেবে মার্কেট বুধবার না বৃহস্পতিবার খুলবে।
উল্লেখ্য, রবিবার সকাল ১১টা ২৩ মিনিটে বসুন্ধরার লেবেল ৬ এর সি ব্লকের একটি জুতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও বসুন্ধরার নিজস্ব অগ্নিনির্বাপক কর্মীরা ১০ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মলটির ৬ তলার সি ব্লকের শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীরা দাবি করেছেন, তাদের প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

