ঢাকাSaturday , 20 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিজিটাল কর সেবায় এনবিআরের ৮ উদ্যোগ

Link Copied!

NBRঅর্থনৈতিক প্রতিবেদক : করদাতাদের আধুনিক ও যুগোপযোগী সেবা দেওয়ার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ডিজিটাল করতে আটটি উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এনবিআরের সম্মেলন কক্ষে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এনবিআরের সমন্বয় সভায় এসব উদ্যোগ নেওয়া হয়।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে সভায় এ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। সভায় মেধাবী প্রযুক্তি কর্মকর্তাদের সমন্বয়ে একটি দল গঠনের মাধ্যমে প্রযুক্তি কর্মকাণ্ড আরো গতিশীল করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।
সভায় নেওয়া আট সিদ্ধান্ত হলো:
শুল্ক স্টেশনের ব্যবহৃত এসাইকুডা ওয়ার্ল্ড আরো আপগ্রেড করতে হবে। একই সঙ্গে বিআইটিএক্স ও আইবাস সিস্টেমকে আরো আধুনিক করতে হবে।
শিগগিরই ই-এলসি ও ই-এক্সপি চালুর ব্যবস্থা করতে হবে। অনলাইন আয়কর ও ভ্যাট রেজিস্ট্রেশন এবং উভয় ক্ষেত্রে রিটার্ন দাখিল দ্রুততর ও নিরাপদ করতে হবে। বিভিন্ন সংস্থার সঙ্গে যেমন: আসিটি বিভাগ, এ২১, বাংলাদেশ ব্যাংক ও কম্পিউটার কাউন্সিলের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আইটি কার্যক্রম আরো জোরদার করতে হবে।
এনবিআরের চলমান প্রকল্পগুলো প্রযুক্তি সহায়তা প্রদানের মাধ্যমে এর কার্যক্রমকে আরো জোরদার করতে হবে। ই-ফাইলিং ও মাসিক রিপোর্ট কার্ড কার্যক্রমকে আরো ত্বরান্বিত করতে হবে।
ওয়েবসাইট প্রতিনিয়ত আপডেট করে সাপ্তাহিকভাবে এর আপডেট রিপোর্ট দিতে হবে। তথ্য আদান-প্রদানের বিষয়ে এনবিআর ও আইআরডির ওয়েবসাইটের মধ্যে সমন্বয় করতে হবে। জরুরি যোগাযোগের জন্য ওয়েবসাইটে কর্মকর্তাদের নাম ও মোবাইল নম্বর এবং সর্বশেষ হালনাগাদ তারিখ প্রদর্শন করতে হবে। মাঠ পর্যায়ের দপ্তরের ওয়েবসাইটের ইউআরএল জানতে হবে।
আইটি কর্মকর্তাদের প্রতিদিনের লগ বই সংরক্ষণ করতে হবে। প্রতি ১৫ দিন পর এনবিআর চেয়ারম্যান আইটি কর্মকর্তাদের নিয়ে সভা করবেন। আইটি গ্রুপ মেইলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সংযুক্ত করতে হবে।
এনবিআর ও মাঠ পর্যায়ের সব আইটি কর্মকর্তাকে নিয়ে একটি ফোরাম করতে হবে। শুল্কনীতির সদস্যের তত্ত্বাবধানে সিস্টেমস ম্যানেজার ফোরামের কার্যক্রম সমন্বয় করবেন।
জাতীয় রাজস্ব বোর্ড দেশের মোট কর রাজস্বের প্রায় ৯৫ শতাংশ, রাজস্ব সম্পদের প্রায় ৮৬ শতাংশ সংগ্রহের পাশাপাশি জাতীয় বাজেটের প্রায় ৬০ শতাংশ যোগান দিয়ে থাকে। রাষ্ট্রের রাজস্ব ভাণ্ডার সমৃদ্ধ করার ক্ষেত্রে করদাতারা সবচেয়ে বড় অবদান রাখছেন।
সভায় এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নের জন্য এনবিআর দেশে একটি ব্যবসাবান্ধব, শিল্পবান্ধব ও বিনিয়োগবান্ধব পরিবেশ প্রতিষ্ঠায় অব্যাহত প্রচেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামোর আওতায় এনবিআরকে ঢেলে সাজানো হয়েছে।
তিনি বলেন, করদাতাদের ডিজিটাল সেবা দিতে শক্তিশালী করা হচ্ছে আইটি ইউনিটকে। ইতিমধ্যে অনলাইনে ই-টিআইএন রেজিস্ট্রেশন ও রিরেজিস্ট্রেশন পদ্ধতি চালু হয়েছে। খুব শিগগিরই চালু হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল। ভ্যাট অনলাইন আগামী বছর থেকে চালু হচ্ছে। অ্যাসাইকুডা ওয়ার্ল্ড চালুর মাধ্যমে কাস্টমসে গতি এসেছে। নতুন আয়কর আইন আসছে।
ভ্যাট, কাস্টমস ও আয়করকে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সমন্বয় করা হবে। এর মাধ্যমে একজন করদাতা কর অঞ্চল, কর অফিসে না গিয়ে ঘরে বসেই সবধরণের সেবা পাবেন বলেও জানান এনবিআর চেয়ারম্যান। সভায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।