নিজস্ব প্রতিবেদক : ঘরে-বাইরে নারীর প্রতি সহিংসতা ও নিপীড়ন বন্ধের দাবি জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মিছিল ও সমাবেশের আয়োজন করে সংগঠনটি।
সমাবেশে নারী নেত্রীরা বলেন, ‘নারীরা আজ ঘরে, অফিসে, শিক্ষাপ্রতিষ্ঠানে বা রাস্তায় কোথাও নিরাপদ নয়। তাদের ওপর নানাভাবে নির্যাতন চালানো হচ্ছে।’
তনু ও আফসানার হত্যার বিচার, নারীদের ওপর সহিংসতা-নিপীড়ন বন্ধ করে সর্বস্তরে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানানো হয় সমাবেশ থেকে। নারীদের সম-মজুরি নিশ্চিত, সম্পত্তির উত্তরাধিকারে সম-অধিকার নিশ্চিতসহ সমাবেশে বেশকিছু দাবিও উত্থাপন করেন তারা।
সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রুশোর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শম্পা বসু, সহ-সভাপতি দিপালী রানী প্রমুখ।

