নিজস্ব প্রতিবেদক : ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন করে টাস্কফোর্স গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সুষ্ঠু বর্জ্য অপসারণ সংক্রান্ত বৈঠকে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান একথা জানান।
তিনি জানান, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুর রহমানকে প্রধান করে টাস্কফোর্স গঠন করা হয়েছে। এতে দুই সিটি করপোরেশন (ঢাকা উত্তর ও দক্ষিণ), রাজউক, ওয়াসা, ঢাকা জেলা প্রশাসন, পরিবেশ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, বিসিক, বিআইডব্লিউটিএ, জাতীয় নদী কমিশন, শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন।
মন্ত্রী জানান, ৯০ দিনের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটি সুপারিশ প্রণয়ন করবে টাস্কফোর্স। সেই সুপারিশের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
বৈঠকে ওয়াসা এবং ঢাকা দক্ষিণের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেন নৌপরিবহনমন্ত্রী।
এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, ঢাকা সিটি করপোরেশন উত্তর, গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

