ঢাবি প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
আগামীকাল ১৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সব ভবন ও হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল ৭টা ৪৫মিনিটে উপাচার্যের বাসভবনে সিনেট ও সিন্ডিকেট সদস্য, ডিন, প্রাধ্যক্ষ, ওয়ার্ডেন, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের জমায়েত হবে। সেখান থেকে সকাল ৮টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের উদ্দেশে যাত্রা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে। সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় চারুকলা অনুষদের উদ্যোগে ছাত্র-শিক্ষক কেন্দ্রের ক্যাফেটেরিয়ায় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া, বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদুল জামিয়ায়, প্রত্যেক হল ও আবাসিক এলাকার মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল এবং বিশ্ববিদ্যালয় এলাকার অন্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হবে।

