নিজস্ব প্রতিবেদক : ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ‘দুর্জয় তারুণ্য– দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ শীর্ষক দুই দিনব্যাপী জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর ড. রিজওয়ানুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সঞ্চালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন। সভাপতিত্ব করেন ডিইউডিএসের সভাপতি রায়হান সানন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষাক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে নৈতিক-মানবিক মূল্যবোধ জাগরণ ও বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। সর্বোপরি তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
বক্তারা তরুণদের মাঝে কর্তব্যনিষ্ঠা, সততা, নৈতিক মূল্যবোধের চর্চা, দুর্নীতিকে না বলার সাহস ও দুর্নীতি প্রতিরোধের সামর্থ্য সৃষ্টি করার উদ্দেশ্যে এ ধরনের কার্যক্রম গ্রহণের জন্য ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে ধন্যবাদ জানান। এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

