আন্তর্জাতিক ডেস্ক : ভারতে মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ থেকে পরচুলা ও কৃত্রিম দাড়ি সম্পর্কে নতুন ফতোয়া জারি করা হয়েছে। এতে পরচুলা ও কৃত্রিম দাড়ি ব্যবহার করে অজু না করার পরামর্শ দেওয়া হয়েছে।
ফতোয়ার ব্যাখ্যা দিতে গিয়ে দারুল উলুম দেওবন্দের মুখপাত্র মাওলানা আশরাফ উসমানি বলেন, অজু ও গোসল দুটি জরুরি ধর্মীয় বিষয়। কিন্তু উইগ বা পরচুলা ব্যবহার করলে মাথার চামড়া পর্যন্ত পানি পৌঁছাতে পারে না। এতে দেহের একটি অংশ শুকনো থাকায় অজু ও গোসলের উদ্দেশ্য ব্যাহত হয়।
ফতোয়ায় বলা হয়েছে, যদি পরচুলা পরিধান অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে এটি অজু ও গোসলের সময় খুলে ফেলতে হবে। নামাজের আগে এটি পরিধান করলেই চলবে।
হেয়ার ট্রান্সপ্লান্ট প্রসঙ্গে মাওলানা আশরাফ উসমানি বলেন, পরচুলার মতো এতে কোনো সমস্যা নেই। কারণ এগুলো প্রাকৃতিক চুলের মতোই এবং এগুলোর মধ্যে সহজেই পানি প্রবাহিত করা যায়।
দারুল উলুম দেওবন্দের একটি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘জীবনযাত্রার পরিবর্তনের কারণে মুসলমানদের অনেক ক্ষেত্রে বিভ্রান্তিতে পড়তে হয়। অনেকে এসব সমস্যার সমাধান জানতে চেয়ে দারুল উলুমে চিঠি লেখেন। তাদের ওই সব চিঠির জবাবে এসব ফতোয়া উঠে আসে।

