অর্থনৈতিক প্রতিবেদক : ব্যাংকের নতুন শাখার ক্ষেত্রে আগের চেয়ে বেশি জায়গা ভাড়া নিতে পারবে তফসিলি ব্যাংকগুলো। শাখার জন্য শহরের মধ্যে ৬ হাজার বর্গফুট ও পল্লী অঞ্চলে ৩ হাজার বর্গফুটের অতিরিক্ত কোনো জায়গা ভাড়া করা যাবে বলে এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (২৬ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক এক সার্কুলার জারি করে সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এ নির্দেশনা পাঠিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, শহরের মধ্যে শাখা খোলার ক্ষেত্রে সর্বোচ্চ ৬ হাজার বর্গফুটের জায়গা ভাড়া করা যাবে। যা পূর্বে ছিল ৫ হাজার বর্গফুট। পল্লী অঞ্চলে ২ হাজার বর্গফুট জায়গার ক্ষেত্র বাড়িয়ে সর্বোচ্চ ৩ হাজার বর্গফুট ভাড়া জায়গা ভাড়া নেয়া যাবে বলে জানানো হয়েছে।
এছাড়া সকল মেট্রোপলিটন এলাকা বা সিটি করপোরেশন ও ক শ্রেণিভুক্ত পৌরসভায় স্থাপিত শাখাকে শহর শাখা এবং খ ও গ শ্রেণিভুক্ত সকল পৌরসভা ও ইউনিয়ন এলাকায় স্থাপিত শাখাকে পল্লী শাখা হিসেবে গণ্য করা হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।
একই সঙ্গে আগে যেখানে ভাড়া নেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ১০ বছরের চুক্তি করা যেত সেখানে এখন ব্যাংকগুলো ভবন মালিকদের সঙ্গে ২০ বছরের জন্য চুক্তিবদ্ধ হতে পারবে।

