স্পোর্টস ডেস্ক : আগামী মাসে অনুষ্ঠিতব্য রিও অলিম্পিকে পুরো রাশিয়াকে নিষিদ্ধ করা হবে না বলে জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। প্রতিটি ক্রীড়ার জন্য তাদের বৈশ্বিক ফেডারেশনের উপর দায়িত্ব ছেড়ে দেয়া হবে। তারাই সিদ্ধান্ত নিবে কোন অ্যাথলেটরা অংশগ্রহণ করতে পারবে।
রোববার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্বাহী বোর্ডের তিন ঘণ্টা ব্যাপী টেলিকনফারেন্সের পর এই তথ্য জানানো হয়েছে। আগস্টের ৫ তারিখ থেকে রিও অলিম্পিক শুরু হতে যাচ্ছে। তার ১২ দিন আগে এই সিদ্ধান্ত জানানো হল। ফলে ডোপিংয়ের সঙ্গে রাশিয়ার যে অ্যাথলেটরা জড়িত নয়, তারা রিওতে খেলার ব্যাপারে সবুজ সঙ্কেত পেল।
পুরো রাশিয়াকে অলিম্পিক থেকে নিষিদ্ধের দাবি জানিয়েছিল বিশ্ব অ্যান্টি ডোপিং অ্যাজেন্সিসহ বেশ কয়েকটি ডোপিং বিরোধী সংগঠন। তবে অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাচ বলেছেন, ‘যে অ্যাথলেট কোনো অবৈধ পন্থায় জড়িত হননি তাকে শাস্তি দেয়া ঠিক হবে না।’
তবে ইতোপূর্বে যার ডোপিংয়ের কারণে শাস্তি পেয়েছেন তাদেরকে রিও অলিম্পিকে যেতে দেয়া হবে না। আইওসি জানিয়েছে, রাশিয়ার যে অ্যাথলেটরা সব ধরনের যোগ্যতা পূরণ করবে তাদেরকেই অলিম্পিকে অংশগ্রহণ করতে দেয়া হবে।
রাশিয়ার ট্রাক ও ফিল্ড অ্যাথলেটদেরকে ইতোমধ্যে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক অ্যাথলেটিক ফেডারেশন (আইএএএফ)। এই নিষিদ্ধের বিরুদ্ধে রাশিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছে ক্রীড়া আদালত। এই নিষেধাজ্ঞা অলিম্পিক কমিটিও গ্রহণ করেছে। ফলে নিষিদ্ধ হওয়া ৬৭ জন রুশ অ্যাথলেটরা অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবে না।

