স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদেই থাকছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লস ব্লাঙ্কসদের হয়েই ক্যারিয়ারের ইতি চান। এ কথা প্রায়ই বলে আসছেন পর্তুগিজ উইঙ্গার। এবার জানালেন, স্পেনের রাজধানী মাদ্রিদে ফিরেই রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করতে তিনি প্রস্তত। ইতোমধ্যে এ ব্যাপারে আলোচনা সেরে রেখেছেন সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটির সভাপতি ফিওরেন্তিনো পেরেজের সঙ্গে!
২০১৮ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি রয়েছে রোনালদোর। আগেই ৩১ বছর বয়সী এই ফুটবলারকে চুক্তি নবায়নে আগ্রহের কথা জানিয়েছিল মাদ্রিদের ক্লাবটি। রোনালদোও অবশ্য তাতে আগ্রহী। এর জন্য প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), ম্যানচেস্টার সিটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইডেটের ফরোয়ার্ড।
রিয়ালের সঙ্গে চুক্তির ব্যাপারে এএস’কে রোনালদো বলেন, ‘আমি ক্লাব সভাপতির ( ফিওরেন্তিনো পেরেজ) সঙ্গে ফোনে কথা বলেছি। মাদ্রিদে পৌঁছে ফের আমরা আলোচনা করব। এটা (চুক্তি নবায়ন) এমন একটা ব্যাপার, যা আমি অবশ্যই প্রত্যাশা করছি।’
ইউরোর ফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলতে গিয়ে হাঁটুর ইনজুরিতে পড়েন রোনালদো। চোট কিছুটা সেরে উঠলেও ৯ আগস্ট উয়েফা সুপার কাপে সেভিয়ার (ইউরোপা লিগজয়ী) বিপক্ষে ম্যাচটি মিস করবেন তিনি। রিয়াল মাদ্রিদ সুপারস্টারের ভাষায়, ‘আমি ৯ তারিখের সুপার কাপের ম্যাচটি মিস করছি, এটা নিশ্চিতই বলা চলে। কারণ, আমি রিয়ালে ফিরছি ১০ তারিখ।’
জাতীয় দল পর্তুগাল ও ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোর শিরোপা জিতেছেন রোনালদো। চতুর্থবারের মতো ব্যালন ডি’অর জয়ের দৌড়ে তাই অনেকটা এগিয়ে তিনি। এ ব্যাপারে আত্মবিশ্বাসী ৩১ বছর বয়সী ফুটবল তারকাও। বলেন, ‘আমি বলতে চাই যে এ ক্ষেত্রে (ব্যালন ডি’র জয়) ভালো অবস্থানে আছি। কেননা আমি চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মতো দুটি শিরোপা জিতেছি।’

