স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের রান পাহাড়ে চাপা পড়া পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারছে না। ওল্ড ট্রাফোর্ড টেস্টের দ্বিতীয় দিনে লর্ডস জয়ী দলটি ইতোমধ্যে ব্যাকফুটে চলে গিয়েছে। দিন শেষে স্কোরবোর্ডে ৫৭ রান জমা করতেই পাকিস্তানকে হারাতে হয়েছে ৪ উইকেট। তার আগে ইংল্যান্ড জো রুটের ডাবল সেঞ্চুরির (২৫৪) বদৌলতে ১৫২.২ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৫৮৯ রান তুলে ইনিংস ঘোষণা করে।
পাকিস্তানের ইনিংসের শুরুতে দেখেশুনে শুরু করেন দুই ওপেনার মোহাম্মদ হাফিজ ও শান মাসুদ। ২৭ রানে হাফিজকে (১৮) ফিরিয়ে এই জুটি ভাঙেন লর্ডসে দুর্দান্ত বল করা ক্রিস ওকস। ৪৩ রানে আবার আঘাত হানেন তিনি। এবার ওকসের শিকারে পরিণত হন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজহার আলী (১)।
এরপর দ্রুতই অভিজ্ঞ ইউনিস খান (১) ও রাহাত আলীকে (৪) হারিয়ে কাঁপতে থাকে পাকিস্তান। ৫৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলা ওল্ড ট্রাফোর্ড টেস্ট মিসবাহ-উল-হকদের জন্য কঠিনই হয়ে গেলো। যদিও এখনো ক্রিজে আছেন অধিনায়ক মিসবাহ (১*)। এরপর নির্ভরযোগ্য বলতে আসাদ শফিক ও সরফরাজ আহমেদ আছেন। এই তিনজনের যে কেউ অসাধারণ ইনিংস উপহার দিলেই কেবল এই ম্যাচের ফল অন্যরকম আশা করতে পারে পাকিস্তান।
ইংল্যান্ডের থেকে এখনো তারা পিছিয়ে রয়েছে ৫৩২ রানে। লর্ডসের মতো ওল্ড ট্রাফোর্ডেও নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন ওকস। তিনি মাত্র ১৮ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। বেন স্টোকস ১ উইকেট নিয়েছেন ১১ রানে।
এর আগে ইংল্যান্ড জো রুটের ক্যারিয়ার সেরা ২৫৪ রানের সৌজন্যে স্কোরবোর্ডে ৮ উইকেটে ৫৮৯ রান তুলে ইনিংস ঘোষণা করে। ৪০৬ বলে রুট তার ইনিংসটি সাজান ২৭ বাউন্ডারিতে। এ ছাড়া ওকস ও জনি বেয়ারস্টো দুজনই ৫৮ রান করে করেছেন। ক্রমেই অলরাউন্ডার হয়ে ওঠা ওকস ১০৪ বলে আট চার ও এক ছয়ে তার ইনিংসটি সাজান। বেয়ারস্টো বল খেলেছেন ৯১টি, চার মেরেছেন সাতটি।

