বিনোদন ডেস্ক : চলতি বছরের মে মাসে শেষ হয়েছিল ফখরুল আরেফিনের চলচ্চিত্র ‘ভুবনমাঝি’। ছবির প্রধান চরিত্র অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপধ্যায়। এডিটিং শেষে ভারতে চলছে ছবিটির ডাবিং চলছে। ডাবিংয়ে অংশ নিয়েছেন পরমব্রত। ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। ফেসবুকে ডাবিংয়ের একাধিক ছবি প্রকাশ করে লিখেছেন, আমার দ্বিতীয় বাংলাদেশি চলচ্চিত্র ভুবনমাঝির ডাবিং শুরু হয়েছে। খুব ভালো লাগছে।
অন্যদিকে বাংলাদেশি অভিনয়শিল্পীদেরও ডাবিং শুরু হবে শিগগিরই। সরকারী অনুদানে নির্মিত ছবিটিতে পরমব্রত ছাড়াও আরও অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, সুষমা সরকার প্রমূখ।
মাজনুন মিজান জানালেন, ছবিটির মুক্তির তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। জানানো হবে শিগগিরই।
২৫ জানুয়ারি থেকে ছবির শুটিং শুরু হয় ঢাকায়। এরপর কুমারখালী, শিলাইদহ আর কুষ্টিয়ায় ছবিটির শুটিং হয়েছে। সবশেষে কলকাতায় বেশ কিছু দৃশ্যের শুটিং হয়েছে। ছবির কাহিনী শুরু হয় ১৯৭০ সালে। শেষ হয় ২০১৩ সালে। মাঝে এক বড় অংশ জুড়ে রয়েছে মুক্তিযুদ্ধ। পুরোটাই একটি সত্যি ঘটনা অবলম্বনে। চরিত্রগুলোর নামও পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন ছবিটির নির্মাতা।

