বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় টিভি শো ‘মীরাক্কেল’-এর মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া রেডিও জকি, শিল্পী ও কমেডি অভিনেতা মীর আফসার আলী। যিনি মীর নামেই সমধিক পরিচিত। আর এই জনপ্রিয় অ্যাঙ্কর এবার ডাক পেয়েছেন বলিউডের সিনেমায়!
আশিকি-২ সিনেমায় ‘সুন রাহা হু ম্যায়’ গানের গীতিকার সন্দীপ নাথ প্রথমবারের মত সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। রাজনৈতিক স্যাটায়ারধর্মী ওই ছবির নাম ঠিক করা হয়েছে ‘ম্যায় গান্ধিজি’। আর এই সিনেমাতেই ডাক পেয়েছেন মীরাক্কেলের মীর।
এরইমধ্যে নাকি ছবিটি প্রি-প্রোডাকশনের কাজও শেষ। আগামী দু’তিন দিনের মধ্যে শুরু হবে ছবির শুটিংও। ছবিটির গল্প শুনলেও এখনো স্ক্রিপ্ট হাতে পাননি মীর। কিন্তু তারপরও বলিউডের সিনেমায় অভিনয় নিয়ে আশাবাদী মীর। ছবিতে তাকে একজন বিজ্ঞাপন সংস্থার মালিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

