স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট ভক্তদেরকে ধন্যবাদ জানালো মোস্তাফিজুর রহমানের ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্স। বাঁহাতি এই কাটার মাস্টারের কারণে তাদের অনেক সমর্থক বেড়ে গেছে বলে মনে করছে ইংলিশ ক্লাবটি।
বৃহস্পতিবার রাতে এসেক্সের বিপক্ষে ম্যাচ চলাকালীন বাংলাদেশের অগণিত ক্রিকেট পাগল ভক্ত-সমর্থকরা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সাসেক্সের অফিসিয়াল পেইজে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে ইংলিশ ক্লাবটির কদর অনেকখানি বাড়িয়ে দেয়। তাই ম্যাচ শেষে ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেইজে একটি বার্তা দিয়ে বাংলাদেশের ক্রিকেট ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে সাসেক্স।
বাংলাদেশের বাঁহতি পেসার মোস্তাফিজের দুটি ছবির সঙ্গে একটি বার্তা দিয়ে সাসেক্স একটি স্ট্যাটাসও দিয়েছে। ওই স্ট্যাটাসে তারা উল্লেখ করেছে, ‘সাসেক্সের যেসব সমর্থকরা খেলা দেখতে এসেছেন, তারা নিরাপদে বাড়ি ফিরবেন এমনটাই প্রত্যাশা করি আমরা। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের অনুসরণ করেছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ এবং তাদের সাধুবাদ জানাই। আমাদের নতুন বাংলাদেশী সমর্থকদের অসংখ্য ধন্যবাদ, যারা আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদেরকে সমর্থন দিয়েছেন।’

