আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে জরুরি অবস্থা জারি করার ঘটনায় বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। তারা তুর্কি নেতাদের প্রতি মানবাধিকার ও আইনের শাসন মেনে চলার আহবান জানিয়েছে। গত শুক্রবার রাতে ব্যর্থ সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার পর প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান বুধবার রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে জরুরি অবস্থা জারির ঘোষণা দেন।
ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সাথে জড়িত সন্দেহভাজনদের গ্রেফতারে রাষ্ট্রীয় ক্ষমতা জোরদারে তুরস্ক তিন মাসের জরুরি অবস্থা জারি করে এবং মানবাধিকার বিষয়ক একটি ইউরোপীয় গুরুত্বপূর্ণ সম্মেলন স্থগিত করে।
ইউরেপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেডেরিকা মোঘারিনি এবং কমিশনার জোহানেস হানের দেয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার পর জারি করা তুরস্কের জরুরি অবস্থার পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি।’
এ বিবৃতিতে আরো বলা হয়, ‘শিক্ষা ব্যবস্থা, বিচার বিভাগ ও সংবাদমাধ্যম বিষয়ে সাম্প্রতিক অগ্রহণযোগ্য বিভিন্ন সিদ্ধান্তের প্রেক্ষিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। আমরা আইনের শাসন, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানাতে তুরস্কে কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।’

