স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত ইউরোতে নিজের সেরাটা ঢেলে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফলও পেয়েছেন তিনি। ইউরোপসেরার ফাইনালে ফ্রান্সকে কাঁদিয়ে নিজ দেশ পর্তুগালকে প্রথমবারের মতো বড় কোনো শিরোপা এনে দেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার। ওই ফাইনালেই অবশ্য ইনজুরির কবলে পড়েন রোনালদো। চোট কাটিয়ে মাঠে ফিরছেন সেপ্টেম্বরে। তার চিকিৎসকরা জানিয়েছেন এমন তথ্যই।
ব্রিটিশ ও স্প্যানিশ মিডিয়া জানিয়েছে, ৩১ বছর বয়সী রোনালদো হাঁটুর ইনজুরিতে রয়েছেন। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগার দুটি ম্যাচ মিস করবেন পর্তুগাল অধিনায়ক। স্পেনের ঘরোয়া লিগে লস ব্লাঙ্কসদের তৃতীয় ম্যাচে তার ফেরার কথা রয়েছে।
এদিকে, ইনস্টাগ্রামে ভক্তদের রোনালদো বলেন ‘আমি আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি আমি তাদের জানিয়ে দিতে চাই যে, সব কিছু ঠিকঠাক চলছে। আমি অনেক বেশি শক্তি ধারণ করেই মাঠে ফিরব। দীর্ঘজীবী হোক, পর্তুগাল।’
উল্লেখ্য, ইউরোর ফাইনালে ইনজুরি নিয়েও অনেক সময় খেলা চালিয়ে গেছেন। পরবর্তীতে সেটি বড় আকার ধারণ করলে মাঠেই কান্নায় ভেঙে পড়েন তিনি। রোনালদোর অভাব শেষ পর্যন্ত বুঝতে দেননি এদের। তার গোলেই পর্তুগালের স্বপ্নের ট্রফি নিশ্চিত হয়।

