বিনোদন ডেস্ক : বলিউডের ছবিতে সবচেয়ে পরিচিত আর মনকাড়া সুর তুমুল জনপ্রিয় শিল্পী শ্রেয়া ঘোষালের! সিনেমার অসংখ্য গান এখন তার মানুষের মুখে মুখে ফেরে। আর এইসব গানের জন্য পেয়েছেন একাধিক জাতীয় পুরস্কারও। হিন্দি-বাংলা গানের তুমুল জনপ্রিয় এই শিল্পী নাকি এবার প্রথম বারের মত ‘মা’ হতে চলেছেন। অপেক্ষায় আছেন প্রথম সন্তানের মুখ দেখতে!
গত বছরের ফেব্রুয়ারিতে ধুম করে কাউকে একরকম না জানিয়েই বিয়ে করেছেন শ্রেয়া। পাত্র দীর্ঘদিনের প্রেমিক ও হিপকাস্ক ডট কমের প্রতিষ্ঠাতা শিলাদিত্য মুখোপাধ্যায়। বিয়ের এক বছর পেরিয়ে গেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে। আর তখনই শোনা গিয়েছিল যে, মা হতে চলেছেন শ্রেয়া। এমন খবরে যদিও নাখোশ হয়েছিলেন শ্রেয়া। টুইট ও ফেসবুকে এমন গুজবে খবরের প্রতিবাদও করেছিলেন।
কিন্তু আবারও গুঞ্জন শোনা যাচ্ছে মা হতে চলেছেন শ্রেয়া। অবস্থাদৃষ্টে মনে হচ্চে এবারের খবরও গুজবই। কারণ এখন পর্যন্ত শ্রেয়া কিংবা তার স্বামী শিলাদিত্য’র মুখ থেকে এমন ঘোষণা শোনা যায়নি। শুধু গানের জগতে হঠাৎ করে কাজ কমিয়ে দেয়াকেই অনেকে শ্রেয়ার মধ্যে মা হওয়ার অনুসঙ্গ খুঁজে ফিরছেন। তাছাড়া বেবি বাম্পেও নাকি সদ্য শ্রেয়াকে দেখা গেছে!
অন্যদিকে, সদ্য বিখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানসালি’র পরবর্তী ছবি ‘পদ্মাবতী’র জন্য একটি গানও রেকর্ড করেছেন শ্রেয়া।
উল্লেখ্য, ২০০২ সালে সঞ্জয় লীলা বানসালীর ‘দেবদাস’ ছবিতে গান গেয়েই আলোচনায় আসেন শ্রেয়া। তার গাওয়া গানগুলোর মধ্যে ‘সিলসিলা ইয়ে চাহাত কা’, ‘বৈরি পিয়া’, ‘ছলক ছলক’, ‘মোরে পিয়া’, ‘দোলা রে দোলা’ উল্লেখযোগ্য। এছাড়া গত বছর মুক্তি পাওয়া বানসালির ‘বাজিরাও মাস্তানি’র জন্যও গান করে কাঁপিয়ে দিয়েছেন তিনি।

