বিনোদন ডেস্ক : চলতি বছরেই প্রথমবার ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ খ্যাত তারকা অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স’-এর দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ সিনেমার মধ্য দিয়ে হলিউডে নাম লেখালেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী দীপিকা পাডুকোন। এরপর গুঞ্জন শোনা গিয়েছিল যে হলিউডের সর্বকালের অন্যতম সুপারস্টার টম ক্রুজের সঙ্গেও অভিনয় করতে যাচ্ছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই সাধ পূরণ হচ্ছে না দীপিকার!
ক’দিন আগেই ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গিয়েছিল যে, ভিন ডিজেলের পর ‘রাম লীলা’ খ্যাত বলিউড অভিনেত্রী অভিনয় করতে পারেন হলিউড শীর্ষস্থানীয় অভিনেতা টম ক্রজের সঙ্গে। জনপ্রিয় ফ্র্যাঞ্চাজি ‘দ্য মাম্মি’ সিনেমার পরবর্তী সিক্যুয়ালে টম ক্রজের সঙ্গে অভিনয় করতে অডিশনও দিয়েছিলেন দীপিকা। কিন্তু টম ক্রুজের সঙ্গে অভিনয়ের স্বপ্ন অন্তত এখনই পূর্ণ হচ্ছে না তার!
‘দ্য মাম্মি’ সিরিজের জন্য মাস দেড়েক আগে চুপেচাপে অডিশন দিয়েছিলেন দীপিকা। ছবিতে চরিত্রের প্রয়োজনে এশিয়ান এক রাজকন্যার সঙ্গে পরিচয় গড়ে উঠে টম ক্রুজের। ছবিতে মূলত এই ঘটনাটি টম ফ্ল্যাশব্যাকে দেখবে। খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু টম ক্রুজের সঙ্গে এটুকুই বা কম কিসে। আর তাই ছোট্ট এই চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন দীপিকা। কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। অডিশন থেকেই বাদ দেয়া হয়েছে তাকে।
একই সময়ে এই ছবির জন্য অডিশন নিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত তারকা অভিনেত্রী হুমা কুরাইশি। দীপিকা বাদ পড়লেও এশিয়ার রাজকন্যা চরিত্রে ওই ছবিতে কাকে কাস্ট করা হয়েছে তা এখনো জানানো হয়নি।

