স্পোর্টস ডেস্ক : ফুটবলকে আরো জনপ্রিয় করে তুলতে ঢাকার বাইরে প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজনের কথা ছিল। কিন্তু ক্লাবের চাপে শেষ পর্যন্ত বরিশাল, রাজশাহী ও গোপালগঞ্জ ভেন্যু বাতিল করেছে লিগ কমিটি।
মোট সাতটি ভেন্যুতে এবার প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজনের কথা ছিল। কিন্তু শেখ জামাল, মোহামেডান, আরামবাগ এবং মুক্তিযোদ্ধা ক্লাব জোট বেঁধে ভেন্যু কমিয়ে আনার দাবি জানিয়েছিল। সেই দাবি অনুযায়ী তিনটি ভেন্যু বাতির করে দেয়া হল।
এই তিনটি ভেন্যু বাতিল করে দেয়ায় ঢাকার বাইরে শুধু সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহে ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এক রাউন্ডের পরিবর্তে প্রতি ভেন্যুতে এক সঙ্গে দুটি রাউন্ড হবে।
ঢাকার বাইরে বেশি ভ্রমণ করা সম্ভব নয় বলে আপত্তি তুলেছিল ক্লাবগুলো। খরচের সঙ্গে নিরাপত্তা শঙ্কার কথাও জানিয়েছিল তারা।
এবার প্রিমিয়ার লিগকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাফুফে ও লিগের স্বত্ব কেনা প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। কিন্তু কিছু ক্লাবের চাপের কাছে বাফুফে আরও একবার হার মানল।

