শাবিপ্রবি প্রতিনিধি : ঢাকার গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিসান ও কিশোরগঞ্জের শোলাকিয়াসহ সাম্প্রতিক জঙ্গিহামলার তীব্র নিন্দা জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষকদের একাংশ।
রোববার (১৭ জুলাই) এক বিবৃতিতে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দের আহ্বায়ক অধ্যাপক আখতারুল ইসলাম এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারি এবং কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের গেটে সংঘটিত জঙ্গিহামলায় জড়িত জঙ্গিগোষ্ঠী এবং তাদের মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়, জঙ্গিবাদ দেশ, জাতি, ধর্ম ও মানবতার শত্রু। তিনি সবাইকে জঙ্গিবাদ প্রতিহত করে জাতীয় অগ্রগতিতে অবদান রাখার আহ্বান জানান।
এ ছাড়া এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে ছাত্রদের ব্যবহৃত হতে না দেয়ার লক্ষ্যে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

