স্পোর্টস ডেস্ক : লর্ডস টেস্টে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ২৮৩ রান। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২১৫ রানে অল আউট হয়েছে। শনিবার দিন শেষে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ছিল ৮ উইকেটে ২১৪ রান। রোববার ম্যাচের চতুর্থ দিনে মাত্র এক রান যোগ করতে পেরেছে তারা। সব মিলিয়ে ম্যাচের এখনও বাকি দুই দিন। জিততে হলে ইংল্যান্ডকে করতে হবে ২৮৩ রান, আর পাকিস্তানের দরকার ১০ উইকেট।
তৃতীয় দিনে ইয়াসির শাহ ৩০ রানে ও মোহাম্মদ আমির শূন্য রানে অপরাজিত ছিলেন। চতুর্থ দিনে ব্যাট করতে নেমে কোন রান যোগ করার আগেই ব্রডের শিকার হন ইয়াসির শাহ। তবে ১৫ বলে এক রান করে বিদায় নেন আমির সেই ব্রডের বলেই। শূন্য রানে অপরাজিত থাকেন রাহাত আলী। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের পরিসমাপ্তি ঘটে ২১৫ রানে। প্রথম ইনিংসে পাকিস্তান করেছিল ৩৩৯ রান। অন্যদিকে প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ২৭২ রান।
সব মিলিয়ে জয়ের জন্য ইংল্যান্ডের টার্গেট এখন ২৮৩ রানের। পাক বোলারদের সামনে এমন লক্ষ্য ছুতে পারবে কী কুক শিবির? সেটা সময়ই বলে দেবে। তবে এই লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে ইংল্যান্ড। দলীয় ১৯ রানের মাথায় রাহাত আলীর বলে উইকেটের পেছনে সরফরাজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন ১১ বলে ৮ রান করা ইংলিশ ক্যাপ্টেন অ্যালিস্টার কুক।

