বিনোদন ডেস্ক : আগামী ২৩জুলাই বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ‘জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠ’-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার প্রদান অনুষ্ঠান। ২০১৩ থেকে শুরু হওয়া এই পুরস্কার বেঙ্গল ফাউন্ডেশন বরাদ্দ রেখেছে তরুণ শিল্পীদের জন্যই।
এই উদ্যোগের সাথে জড়িত আছেন তানজিম ওয়াহাব। তিনি জানান, ‘শিল্পী আমিনুল ইসলাম বাংলাদেশের মডার্ন আর্ট মুভমেন্টের একজন পাইওনিয়র। তিনি সবসময় তরুণদের সাথে থাকতে ভালোবাসতেন, তরুণদের কাজে উদ্বুদ্ধ করতেন। তাই তাঁর নামেই এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। প্রতি দুবছরে একবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিন জন বিচারকের মতামতের ভিত্তিতে দশ জন শিল্পীকে নির্বাচন করা হয়। এই দশ জন থেকেই দু’জন এক লাখটাকাসহ এই অ্যাওয়ার্ড পেয়ে থাকেন।
এবার যে দশ জন শিল্পী অ্যাওয়ার্ড-এর জন্য মনোনীত হয়েছেন তারা হলেন– আলি আসগর, পলাশ বরুণ বিশ্বাস, রীতু সাত্তার, রফিকুল ইসলাম শুভ, পলাশ ভট্টাচার্য, রাজীব দত্ত, রুপম রায়, সালমা আবেদীন পৃথি, শামসুল আলম হেলাল এবং জিহান করিম।
বেঙ্গল ফাউন্ডেশন একই দিনে তাদের ওপেন স্টুডিও উদ্বোধন করবে বলে জানিয়েছে। এক্সপেরিমেন্টাল কাজ, তরুণ শিল্পীদের নিয়ে নতুন নতুন কাজ করতে আগ্রহী বেঙ্গল ফাউন্ডেশন আর এ উদ্দ্যেশ্যই ওপেন স্টুডিওর যাত্রা শুরু হচ্ছে।

