বিনোদন ডেস্ক : মুক্তির প্রতীক্ষায় থাকা ‘মহেঞ্জোদারো’কে নিজের ক্যারিয়ারের সেরা সিনেমা বলে ঘোষণা করেছেন বলিউডের ‘কৃষ’ খ্যাত তারকা অভিনেতা ঋত্বিক রোশন। তার সে কথার প্রমাণ মিলেছে ক’দিন আগে ‘মহেঞ্জোদারো’র ট্রেলার দেখে। আর এই তুমুল আলোচিত সিনেমাটি মনোনীত হয়েছে বিশ্বখ্যাত ও দাপুটে লোকার্নো ফিল্ম ফেস্টিভালের চূড়ান্ত আসরে।
আসছে আগস্টের ৩ তারিখ থেকে সুইজারল্যান্ডে বসবে বিশ্বখ্যাত ‘লোকার্নো ফিল্ম ফেস্টিভাল’, চলবে ১৩ আগস্ট পর্যন্ত। ৬৯তম বারের জন্য বসতে যাচ্ছে ভেনিস, কান আর বার্লিন ফিল্ম ফেস্টিভালের মত দাপুটে ‘লোকার্নো ফিল্ম ফেস্টিভাল’। আর এই গৌরবময় ফিল্ম ফেস্টিভালের শেষ দিনে মূল আসরে প্রদর্শিত ও প্রতিযোগিতার আসরে জায়গা করে নিয়েছে ঋত্বিক রোশন অভিনীত সিনেমা ‘মহেঞ্জোদারো’।
দশ দিনের এই উৎসবকে ঘিরে অন্তত ১৭টি সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। এছাড়া আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিবে অসংখ্য নামিদামি সিনেমা। শ্রেষ্ঠত্ব প্রমাণে লড়বে অস্কারজয়ী নির্মাতা কেন লোচের ‘আই, ডেনিয়েল ব্ল্যাক’ কিংবা কম ম্যাকার্থির বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর ‘দ্য গার্ল উইথ অল দ্য গিফটম’-এর মত ছবি।
লোকার্নো’র মত বিখ্যাত ও জৌলুসময় ফিল্ম ফেস্টিভালে ‘মহেঞ্জোদারো’ সিনেমা নির্বাচিত হওয়া উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্টুডিও ডিজনি ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট অমৃতা পান্ডে। তিনি ছবিটি নিয়ে জানান, আমরা সম্মানিত এবং একইসঙ্গে দারুণ উচ্ছ্বসিত ‘মহেঞ্জোদারো’ ছবিটিকে লোকার্নো উৎসবের মূল আসরে প্রদর্শনীর জন্য নির্বাচন করেছেন। এর মাধ্যমে সমস্ত ইউরোপে ভারতীয় সিনেমা সম্পর্কে নিশ্চয় সুফল বয়ে আনবে।
লোকার্নোর মত বিশাল এই ফেস্টিভালে এটাই নির্মাতা আশুতোষ গোয়ারিকরের প্রথম অভিযান নয়। এর আগেও ‘লগন’ সিনেমা নিয়ে লোকার্নো চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন আশুতোষ। এ সম্পর্কে নির্মাতা বলেন, লোকার্নো চলচ্চিত্র উৎসবে আমার ছবিটি দেখানো হবে জেনে সত্যিই খুব আনন্দিত আমি। এরআগে আমার ‘লগন’ সিনেমাটি যখন বিশ্বের জৌলুসময় এই ফেস্টিভালে দেখানো হয়েছিল এবং একই ভেন্যু ও একই সেকশনে নির্বাচিত হয়েছিল। এ এক অন্য অনুভূতি। বিভিন্ন দেশের বিভিন্ন শ্রেণির অন্তত আট হাজার মানুষ সেই সিনেমাটি দেখেছিল। এবারও তেমন অসাধারণ কিছুর জন্যই অপেক্ষা করছি।
২০ জুন ইউটিউবে রিলিজ পেয়েছে কৃষ খ্যাত তারকা অভিনেতা ঋত্বিক রোশন ও একেবারে বলিউডের ফ্রেশ মুখ পূজা হেগড়ে অভিনীত তুমুল আলোচিত সিনেমা ‘মহেঞ্জোদারো’র ট্রেলার। ৩মিনিট ৩০ সেকেন্ডের ট্রেলারে দুর্দান্তরূপে দেখা গেছে ঋত্বিক রোশনকে। ছবিতে যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে এর আগে আর কোনো ছবিতেই এই রূপে দেখা যায়নি ঋত্বিককে। ট্রেলার রিলিজের পর পরই ঋত্বিক আলোচনার কেন্দ্রবিন্দু!
প্রসঙ্গত, ‘মহেঞ্জোদারো’ সভ্যতার সময়কার একটি বাস্তব গল্প নিয়ে নির্মিত ‘মহেঞ্জোদারো’। আশুতোষ গোয়ারিকর পরিচালনায় ছবিতে ঋত্বিক-পূজা ছাড়াও অরণোদয় সিং এবং কবির বেদি।

