বিনোদন ডেস্ক : ২০১২ সালে তানিয়ার সঙ্গে সংসার বেঁধেছিলেন কলকাতার তুমুল জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। বিয়ের প্রায় চার বছর পর গত ১৪ জুলাই বৃহস্পতিবার প্রথম সন্তানের মুখ দেখলেন টলিউড হিরো। তাও প্রথম সন্তানেই ছেলে!
কলকাতার জনপ্রিয় নিউজপোর্টাল এবেলা জানিয়েছে, ১৪ জুলাই বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পশ্চিমবঙ্গের ভাগীরথী নেওটিয়াতে এক পুত্র সন্তানের জন্ম দেন সোহমের স্ত্রী তানিয়া। এরমাধ্যমে সোহম ও তার স্ত্রী তনয়ার জীবনে এল তাদের প্রথম সন্তান।
ছেলে সন্তানের জন্ম হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে সোহম জানান, ভীষণ খুশি আমি। আমার জীবনের এক দারুণ মুহূর্ত এটা। মা ও ছেলে দু’জনেই ভালো আছে।
সদ্য বাবা হওয়া সোহম ছেলের নাম ‘সাঁঝ’ রাখতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, শিশু অভিনেতা দিয়ে অভিনয় জীবন শুরু করেন সোহম। পরবর্তীকালে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবিতেও অভিনয় করেন তিনি। বিদ্যা সিনহা মিমের বিপরীতে ‘ব্ল্যাক’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন তিনি।

