প্রযুক্তি ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং প্রযুক্তি বাজারে নিয়ে এলো ৪ টেরাবাইটের (টিবি) সলিড স্ট্রেট ড্রাইভ (এসএসডি)। এসএসডি হার্ডডিস্কগুলোর উন্নত সংস্করণ। চলতি বছরে স্যামসাংয়ের এই ডিভাইসটি বেস্ট সেলিং প্রোডাক্ট হিসেবে পুরস্কার অর্জন করতে পারবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
বড় স্টোরেজের হার্ড ড্রাইভ হলেও এই এসএসডিটি আয়তনে তেমন বড় নয়। ডাটা রিড এবং রাইট করার জন্য এই এসএসডির গতিও প্রশংসনীয়। প্রতি সেকেন্ডে ৫৪০ মেগাবাইট রিড এবং ৫২০ মেগাবাইট রাইট করার ক্ষমতা রাখে এই ডিভাইসটি।
ডিভাইসটির মূল্য ১ হাজার ৪৯৯ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ১ লাখ ১৯ হাজার টাকা।
উল্লেখ্য, বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য স্যামসাং চলতি বছরের শুরুতে সবচেয়ে বড় স্টোরেজের এসএসডি নিয়ে আসার ঘোষণা দিয়েছে। এসএসডিটির ধারণ ক্ষমতা হবে ১৫.৩৬ টেরাবাইট। যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় স্টোরেজের এসএসডি হবে।

