বিনোদন ডেস্ক : বাংলা সাহিত্যের অসামান্য সৃষ্টি শরৎ চন্দ্রের ‘দেবদাস’ উপন্যাসটি। আর এই সাহিত্যসৃষ্টি নিয়ে ভিজ্যুয়ালিও কম কাজ হয়নি। বাংলা হিন্দিসহ বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও গোটা উপমহাদেশে তুখোর নির্মাতাদের হাত ধরে সিনেমার পর্দায় এসেছে ছবিটি। কিন্তু তারমধ্যে ২০০২ সালে নির্মিত সুপারস্টার শাহরুখ খান, ঐশ্বরিয়া এবং মাধুরী দীক্ষিত অভিনীত ‘দেবদাস’ ছবিটিকেই অসাধারন ভাবেন অনেকে।
বলিউডের ইমেজ পাল্টে দেয়া সিনেমা ‘দেবদাস’। ২০০২ সালে যে ছবিটির মাধ্যমে পুরো ভারতে সাড়া ফেলে দেন ছবির নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। এই ছবিতেই প্রথম বলিউড দেখলো সুবিশাল, অলঙ্কারময় আর প্রাচুর্য নির্ভর একটি সেট।
আর এমন তুখোর সিনেমাটিই ১২ জুলাই মুক্তির ১৪ বছর উদযাপন করছে। ফলে ছবিটি নিয়ে স্মৃতিকাতর যারা এরসঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বিশেষ করে দেবদাসের চরিত্রে অভিনয় করে ভারতজুড়ে নিজের অভিনয় দক্ষতাকে আরো পোক্ত অবস্থানে নিয়ে যাওয়া সুপারস্টার শাহরুখ।
দেবদাসের ১৪ বছর পূর্ণতায় তাই একটুও ভোলেননি এই তারকা অভিনেতা। বলেছেন এটা তার বিশেষ কীর্তি। টুইটে শাহরুখ দেবদাস সম্পর্কে বলেন, দেবদাস সব সময়ই স্পেশাল হিসেবেই থাকবে। এছাড়া নির্মাতা বানসালিকে এমন অসাধারণ একটি ছবি নির্মাণের জন্য ধন্যবাদ জানান। আন্তরিকভাবে শাহরুখ ধন্যবাদ জানান ছবিতে তার বিপরীতে অনবদ্য অভিনয় করা ঐশ্বরিয়া ও মাধুরীকেও।
প্রসঙ্গত, ১৯১৭ সালে বাংলা সাহিত্যের জনপ্রিয় সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘দেবদাস’ অবলম্বনে বানসালি নির্মাণ করেন ছবিটি।

