নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. এনামউজ্জামান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক তাকে এই দায়িত্ব প্রদান করেন।
মঙ্গলবার (১২ জুলাই) তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মো. এনামউজ্জামান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে উপ-রেজিস্ট্রার (শিক্ষা-১) হিসেবে কর্মরত ছিলেন।
প্রসঙ্গত, গত ১ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় ‘স্মৃতি অম্লান’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের বর্ণনায় জিয়াউর রহমানকে স্বাধীন দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করে নিবন্ধ লেখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগ আন্দোলন করে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকীর গাড়ি ভাঙচুর করে। পরে উপাচার্য সংবাদ সম্মেলন করে রেজিস্ট্রারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিলে ছাত্রলীগ তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়।

