নিজস্ব প্রতিবেদক : সফরের শেষ দিনে ঢাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসাওয়াল।
সফরের দ্বিতীয় দিন সোমবার (১১ জুলাই) দুপুরে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকির সঙ্গে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে আরো ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট ও ব্রিটেনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মার্ক ক্লেটন।
সকালে গুলশানে বার্নিকাটের বাসায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন নিশা দেশাই। পরে বেলা ১১টার দিকে গুলশানে জঙ্গি হামলাস্থল হলি আর্টিসান বেকারি রেস্টুরেন্টে যান। সেখানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।
সফরের প্রথম দিন রোববার (১০ জুলাই) ঢাকা পৌঁছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রথমে পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং পরে পররাষ্ট্রমন্ত্রী এএইচএম মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গণমাধ্যমকে জানান, বৈঠকে জঙ্গি দমনে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
সন্ধ্যায় ঢাকা সফররত নিশা দেশাই একান্ত বৈঠক করেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে।
সফরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীর সঙ্গেও বৈঠক করবেন মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার। এছাড়া আজ সোমবার (১১ জুলাই) রাতে কূটনীতিকদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন নিশা দেশাই। ঢাকা সফর শেষে নিশা দেশাইয়ের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে।

