নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আইন ২০১৬-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।
আইনটি সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ আইনটি ১৯৭৬ সালে অর্ডিন্যান্স আকারে জারি করা হয়। এরপর ১৯৮৪ এবং ৯৬ সালে আইনটি দুই দফা সংশোধন করা হয়। যেহেতু সামরিক শাসনামলে আইনটি জারি করা হয়, তাই আদালতের নির্দেশনা অনুযায়ী সেটি বাংলায় আপডেট করে আবার উপস্থাপন করা হয় এবং মন্ত্রিসভা এটি অনুমোদন দিয়েছে।’
এ আইনে আগে ১৮টি ধারা ছিল, এখন নতুন ৪টি ধারা সংযোজন করা হয়েছে জানিয়ে শফিউল আলম বলেন, ‘এ আইনের মূল উদ্দেশ্য হলো কৃষি গবেষণাকে আরো আধুনিক ও যুগোপযোগী করা।
সচিব আরো জানান, এ আইনের আওতায় একটি কৃষি গবেষণা ইনস্টিটিউট হবে। এর প্রধান কার্যালয় হবে গাজীপুরের জয়দেবপুরে। এর ১০ সদস্যের একটি বোর্ড থাকবে। ইনস্টিটিউটের একজন মহাপরিচালক থাকবেন যিনি হবেন প্রধান নির্বাহী। একইসঙ্গে তিনি বোর্ডের চেয়ারম্যানও হবেন।
এদিকে বাংলাদেশের সঙ্গে কুয়েত এবং বাহরাইনের দুটি বিনিয়োগ সংক্রান্ত চুক্তির অনুসমর্থনের প্রস্তাবও মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

