আন্তর্জাতিক ডেস্ক : চীনে ঘুর্ণিঝড়ের আঘাতে কমপক্ষে ৬ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো ৮ জন। সোমবার সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া বেসামরিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
শুক্রবার সুপার টাইফুন ‘নিপারতাক’ তাইওয়ান উপকূলে আঘাত হানে। এর আঘাতে দেশটির ১৫ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে। পরে টাইফুনটি দুর্বল হয়ে গ্রীষ্মমন্ডলীয় ঘুর্ণিঝড়ে রুপ নেয়। স্থানীয় সময় শনিবার দুপুরে দিকে এটি চীনের উপকূলীয় ফুজিয়ান প্রদেশ অতিক্রম করে । এর প্রভাবে উপকূলীয় এলাকায় ভূমিধস হয়েছে এবং ঘরবাড়ি ও গাছপালা উপড়ে যায়। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন কয়েক লাখ মানুষ।
সিনহুয়া জানিয়েছে, রোববার রাত পর্যন্ত ১০টি শহরের ২ লাখ বাসিন্দাকে সাময়িকভাবে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ঝড়ের আঘাতে বিধ্বস্ত হয়েছে ১ হাজার ৯০০ বাড়ি। ঝড়ে ছয়জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান ১২৯ মিলিয়ন মার্কিন ডলার বলে ধারণা করা হচ্ছে।
চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস সোমবার জানিয়েছে, ফুজিয়ানের পাঁচটি বিমানবন্দর করে দেওয়া হয়েছে এবং দ্রুত গতির ট্রেনগুলোর শতাধিক যাত্রা বাতিল করা হয়েছে।

