নিজস্ব প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেন কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ‘রাস্তার শৃংখলা ও সড়কের মান উন্নয়নে কোন ধরনের আপস করা হবে না। শৃঙ্খলা না থাকলে চার লেন কেন, রাস্তা আট লেন করলেও কোনো লাভ হবে না।’
শনিবার (৯ জুলাই) সকালে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনের কাজ দেখতে গিয়ে এমন মন্তব্য করেন মন্ত্রী। এ সময় রাস্তা দখল না করে শৃংখলা মেনে চলারও নির্দেশ দেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘কোটি কোটি টাকা খরচ করে রাস্তার কাজ করা হলেও অল্প বৃষ্টিতেই তা আবার নষ্ট হয়ে যায়। মেরামতের জন্য বলা হলেও সঠিকভাবে তা মেরামত করা হয় না। মন্ত্রীরা পরিদর্শনে এলেই কেবল উদ্যোগী ভূমিকা পালন করা হয়, যা খুবই দুঃখজনক।’
সেতুমন্ত্রী বলেন, ‘বিআরটি, কর্ণফুলী টানেল, ফোর লেন, এইট লেন, সবই করা যাবে। কিন্তু রাস্তায় যদি শৃঙ্খলা ফিরে না আসে এবং এটার জন্য আমরা যদি সবাই মিলে চেষ্টা না করি এবং মানসিকতার পরিবর্তন না করি তাহলে এসব ফোর লেন, এইট লেন, ফ্লাইওভার, মেট্রোরেল করে কোনো লাভ নেই।’
ওবায়দুল কাদের আরো বলেন, ‘রাস্তার কাজে মান নিয়েও আমি খুশি নই। দুই বছর আগে নবীনগর-চন্দ্রা চার লেনের কাজ শেষ হয়েছে। সেখানে একটু বৃষ্টি হলে গর্ত হয়ে যায়। মেরামত করতে বলেছি। মোরামত এখনও শেষ হয়নি। ঈদের দিন ৬ ঘণ্টা ছুটি দিয়েছি। আমি গেলেই আমার সামনে একটি গাড়ি নিয়ে চুলা জ্বালিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর আর কাজ হয় না। এটা খুব দুর্ভাগ্যজনক।’
এ সময় সড়ক ও জনপথের ঢাকা সার্কেলের তত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুর মহাসড়ক পুলিশ সুপার সফিকুর রহমানসহ সড়ক ও জনপথ এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

