আন্তর্জাতিক ডেস্ক : আগামী দু বছরের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের চারটি দেশ। দেশগুলো হচ্ছে সুইডেন, বলিভিয়া, ইথিওপিয়া ও কাজাখস্তিান। এর ফলে আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে তারা পরিষদের সদস্যপদ লাভ করবে। এটি বহাল থাকবে ২০১৮ সাল পর্যন্ত।
মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে এই ভোট অনুষ্ঠিত হয়। সাধারণ পরিষদের ১৯৩ সদস্যের ভোটে ওই চারটি দেশ নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়। নির্বাচনে সুইডেন ১৩৪, ইথিওপিয়া ১৮৫ ও বলিভিয়া ১৮৩ ভোট পেয়েছিল। এছাড়া সমান সংখ্যক ভোট পাওয়ায় যৌথভাবে সদস্যপদ পেয়েছে ইতালি ও নেদারল্যান্ড। তবে তাদের সদস্যপদের সময়সীমা হবে একবছর।
প্রসঙ্গত, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচ। এদের সঙ্গে ভৌগলিক অবস্থানের ভিত্তিতে দু বছরের জন্য আরো ১০টি অস্থায়ী সদস্য নির্বাচন করা হয়। প্রতি বছর পাঁচটি করে সদস্য দেশ নির্বাচিত করা হয়। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ নির্বাচিত হওয়ার জন্য সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটের সমর্থন দরকার হয়।

