ঢাকাWednesday , 29 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইস্তাম্বুল বিমানবন্দরে হামলায় নিহত ৩৬

Link Copied!

istambulআন্তর্জাতিক ডেস্ক : ইস্তাম্বুলের আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬য়ে গিয়ে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দেড়শ মানুষ। তবে তুরস্কের উর্ধ্বতন এক সরকার কর্মকর্তা নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে বলে সংবাদ সংস্থা এপি’কে জানিয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টার দিকে তিন বন্দুকধারী একে-৪৭ রাইফেল নিয়ে ইস্তাম্বুল বিমানবন্দরে ওই হামলা চালায়। প্রথমে তারা টার্মিনালে ঢোকার পথে গুলি চালায়। পরে পুলিশ পাল্টা গুলি শুরু করলে হামলাকারীরা নিজেদের দেহের সঙ্গে বাঁধা বোমায় বিস্ফোরণ ঘটায়। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, ধরন দেখে মনে হচ্ছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সদস্যরা এ হামলা চালিয়েছে।
হামলার পর দেয়া এক বিবৃতিতে তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ গ্রহণে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
হামলার পরপরই শুরু হয় উদ্ধার তৎপরতা। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে ইস্তাম্বুল জেলা প্রশাসন। দ্রুততম সময়ে কমপক্ষে ৩০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে জরুরি সেবা দিয়েছে। ট্যাক্সিতে করেও অনেককে হাসপাতালে নিতে দেখা গেছে।
হামলার পর ইউরোপের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক এই বিমানবন্দরটির সকল ফ্লাইট বন্ধ করে দেয়া হয়েছে। বিমানবন্দরটিকে অনেকদিন ধরেই ঝুঁকিপূর্ণ বলা হচ্ছিল। কেননা যাত্রীদের প্রবেশ পথে লাগেজ স্ক্যান করা হলেও সেখানে টার্মিনালে আসা গাড়ির জন্য কোন স্ক্যানার নেই।
সাম্প্রতিক সময়ে তুরস্কে সন্ত্রাসী হামলা বেড়েছে। গত বছর কুর্দি জঙ্গিদের সঙ্গে তুরর্কি সরকারের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে পিকেকে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এছাড়া দেশটিতে হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটও।