বিনোদন ডেস্ক : মুক্তির মাত্র ১৩ দিনেই শুধু মাত্র ভারতেই ১০০ কোটি রূপি আয় করলো তারকাবহুল কমেডি ধাঁচের সিনেমা হাউজফুল-৩। এর আগে মুক্তির তিন দিনে ৫০ কোটি রূপি আয় করে ভারতের বক্স অফসে চলতি বছরে রেকর্ড করেছিল ছবিটি। আর এবার ১০০ কোটি রূপি আয় করে চলতি বছরে আরো একটি রেকর্ড পকেটবন্দি করলো অভিনেতা অক্ষয় কুমার!
অক্ষয়সহ বলিউডের অন্যান্য তারকাদের নিয়ে কমেডি ধাঁচের সিনেমা ‘হাউজফুল ৩’ শুধু ভারতেই ৩৭০০ সিনে-পর্দায় মুক্তি দেয়া হয়েছে। আর বিশ্বময় ছবিটি মুক্তি পেয়েছে ৬৭০টি প্রেক্ষাগৃহে। সব মিলিয়ে ৪৩৭০টি সিনেমার পর্দায় চলছে ‘হাউজফুল ৩’। আর মুক্তির ১৩ দিনেই শুধু ভারতেই ছবিটি আয় করেছে ১০১ কোটি রূপি।
হাউজফুল ৩’ ছবিটি নির্মাণে খরচ হয়েছে ৬৫ কোটি রূপি। আর প্রিন্ট ও বিজ্ঞাপনে খরচ হয় ২০ কোটি রূপি। সব মিলিয়ে বাজেট ছিল ৮৫ কোটি রূপি। ছবিটি এখনো যেভাবে বক্স অফিস মাতিয়ে চলেছে তাতে ধারনা করা হচ্ছে চলতি বছরে সুপারহিট সিনেমার তালিকায় স্থান পেতে পারে ছবিটি।
‘হাউজফুল ৩’-এর রেকর্ডসমূহ:
*চলতি বছরে মুক্তি পাওয়া একদিনে সর্বোচ্চ আয় করা কোনো সিনেমা হিসেবে প্রথম স্থান দখল করলো ‘হাউজফুল ৩’। এরআগে বলিউড কিং শাহরুখ খান অভিনীত ‘ফ্যান’ ছবিটি একদিনে আয় করেছিল প্রায় উনিশ কোটির মতো।
*চলতি বছরে ‘হাউজফুল ৩’ অক্ষয়ের দ্বিতীয় ছবি যা ১০০ কোটির মাইলফলক স্পর্শ করলো। এর আগে চলতি বছরের শুরুতে তার অভিনীত ‘এয়ারলিফট’ বক্স অফিসে শত কোটি রূপি আয় করে।
*অক্ষয়ের ক্যারিয়ারে ‘হাউজফুল-৩’ পাঁচ নম্বর সিনেমা, যা ১০০ কোটি রূপির আয় করলো। এরআগে রাওডে রাঠোর, এয়ারলিফট, হলিডে ও হাউজফুল-২ ১০০ কোটি রূপি আয় করতে সমর্থ হয়।
*অক্ষয় কুমারের ক্যারিয়ারে শুধুমাত্র রোববারে সবচেয়ে বেশি আয়কারী সিনেমা ‘হাউজফুল ৩’। এছাড়া অক্ষয় কুমারের অভিনয় ক্যারিয়ারে একদিনে সর্বোচ্চ আয়কারী সিনেমাও এটি।
*অক্ষয় কুমার অভিনীত প্রথম কোনো সিনেমা ‘হাউজফুল ৩’ যা একদিনে ২০ কোটি রূপি আয় করলো।
*এটা অক্ষয় অভিনীত কোনো সিনেমা যা মুক্তির মাত্র তিন দিনে পঞ্চাশ কোটি রূপি আয় করতে সমর্থ হলো। এর আগে প্রথম সপ্তাহে এমন রেকর্ড স্পর্শ করে তার অভিনীত সিনেমা ‘সিং ইজ ব্লিং’।
প্রসঙ্গত, বলিউডের কমেডি সিরিজ সিনেমা ‘হাউজফুল’! প্রথমবার নির্মাণের পরেই তুমুল দর্শকপ্রিয়তা পাওয়ায় প্রযোজক বাধ্য হয়েই ছবিটির দ্বিতীয় সিক্যুয়াল করেছিলেন। যথারীতি সেটিও দর্শক সাগ্রহে গ্রহণ করে। তাই এবার সিনে পর্দায় তৃতীয় সিক্যুয়াল নিয়ে হাজির হলেন সাজিদ নাদিওয়ালা। সাজিদ ফরহাদের যৌথ নির্মাণে ‘হাউজফুল ৩’-এর ছবিতে অক্ষয় ও রিতেশ দেশমুখ ছাড়াও এবার নতুন যুক্ত হলেন অভিষেক বচ্চন, জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফাখরি এবং লিসা হায়দন।

