নিউজ ডেস্ক : বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ফলে অর্থ-সামাজিক ক্ষেত্রে অর্জিত সফলতা নিয়ে গর্ব বোধ করে যুক্তরাষ্ট্র। আগামী দিনগুলোতেও বাংলাদেশের সঙ্গে আরো গভীর সম্পর্ক স্থাপনে আগ্রহী দেশটি। শুক্রবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের পঞ্চম বার্ষিকী উপলক্ষে আয়োজিত দু দিন ব্যাপী সংলাপ বিনিময়ের শেষ দিনে এ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি টম শ্যানন।
দুই দিনের ওই আলোচনায় বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শ্যানন নেতৃত্ব দেন। সংলাপ শেষে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক যৌথ বিবৃতি প্রচার করেছে। সেখানেই ঢাকা-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং অঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থে একসঙ্গে কাজ করার ওই আগ্রহ ব্যক্ত করেছেন শ্যানন।
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পার্টনারশিপ ডায়লগ স্থাপিত হয়েছে ২০১২ সালে। এরপর থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতি বছর অংশীদারিত্ব সংলাপ অনুষ্ঠিত হয়ে আসছে। সংলাপে দু’পক্ষের জন্য গুরুত্বপূর্ণ বিষয়াদি, সুযোগ ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়। গত বৃহস্পতিবার থেকে ওয়াশিংটনে শুরু হওয়া দুদিনের ওই আলোচনায় দু পক্ষই জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থগুলো নিয়ে এক সঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন।
অতীতের মতো এবারও পার্টনারশিপ ডায়লগে মূলত ৩ ধাপে আলোচনা হয়েছে। তিন ধাপের ওই আলোচনায় উন্নয়ন ও সরকার, বাণিজ্য ও বিনিয়োগ এবং নিরাপত্তা ইস্যুতে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। আরো আলোচনা হয়েছে অভিবাসন, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য, উচ্চ শিক্ষা, কৃষিতে সহযোহিতা আঞ্চলিক সহযোগিতা, ব্লু ইকোনমি, সন্ত্রাসবাদ ও চরমপন্থিতা মোকাবেলা ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে।

