বিনোদন ডেস্ক : ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে তামিল সিনেমা ‘রোবট-এর সিক্যুয়েল ‘রোবট-২’। ইতিমধ্যে এই সিনেমায় নানা চমকপ্রদ ঘোষণা দিয়েই বছরের শুরু থেকেই তুমুল আলোচিত ছবির নির্মাতা এস শঙ্কর। এরইমধ্যে ছবির পঞ্চাশ শতাংশ কাজ সম্পন্ন করেছেন জানিয়ে তাই নির্মাতার স্বস্তিও বাঁধভাঙা!
সম্প্রতি টুইটে নির্মাতা এস শঙ্কর আসন্ন সিনেমা ‘রোবট-২’-এর অর্ধেক কাজ সম্পন্ন করেছেন জানিয়ে তিনি স্বস্তি প্রকাশ করে বলেন, একশো দিন চলবে ‘এনথিরান.২’(রোবট-২)-এর শুটিং। এরইমধ্যে ছবির দুটো প্রধান অ্যাকশন এবং ক্লাইমেক্স সিন শুট করা হয়ে গেছে। দুটোতেই সুপারস্টার রজনীকান্ত ও অক্ষয়কে পাওয়া যাবে। এরপর তিনি পঞ্চাশ শতাংশ লোডিং বলেও মন্তব্য করেন।
অন্যদিকে ‘রোবট-২’ সিনেমার শুটিং সেট থেকে নির্মাতার ঘনিষ্ঠসূত্র জানিয়েছে, চেন্নাইয়ের আরো বেশকিছু গুরুত্বপূর্ণ লোকেশনে ছবিটির শুটিং শুরু হবে।
বর্তমানে রজনীকান্ত আছেন আমেরিকায়। আশা করা হচ্ছে জুলাইয়ের প্রথম সপ্তাহেই শুটিংয়ে যোগ দিবেন তিনি। ২০১০ সালে রজনীকান্ত ও ঐশ্বরিয়া রাই অভিনীত ‘রোবট’ ছবিটি সেসময় বেশ আলোচিত ও বক্স অফিসে তুমুল বাণিজ্য করতে সমর্থ হয়। আর এইজন্যই ছবির প্রযোজক এবার আরো বিশাল বাজেট নিয়ে বিনিয়োগ করছেন এই সিনেমার জন্য।
প্রসঙ্গত, শুরুতে ‘রোবট-২’-এর জন্য রজনীকান্তের বিপরীতে ভিলেন চরিত্রে শোনা গিয়েছিল হলিউড সুপারস্টার আর্ন্ডল্ড শোয়ের্জনেগারের নাম। কিন্তু পরবর্তীতে তারসঙ্গে বাজেট নিয়ে দরকষাকষির পর সালমান খান ও ঋত্বিক রোশানের কথা শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সকল সম্ভাবনাকে নস্যাৎ করে ভিলেন চরিত্রে জায়গা করে নিলেন অক্ষয় কুমার। রজনী ও অক্ষয় ছাড়াও ছবিতে অভিনয় করবেন অ্যামি জ্যাকসন ও সুধাংশু পান্ডে।

