বিনোদন ডেস্ক : এবার ঈদে পাঁচটিরও বেশি নাটকে অভিনয় করছেন ছোটপর্দার ব্যস্ত অভিনয়শিল্পী অপর্ণা ঘোষ। গতকাল থেকে শুরু করেছেন অঞ্জন আইচের নতুন একটি নাটকে। আব্দুল মজিদ ও চায়নিজ চিকিৎসক’ শিরোনামে নাটকটিতে জাহিদ হাসানের সঙ্গে জুটি বেধেছেন অপর্ণা। এতে একজন স্কুল শিক্ষিকার চরিত্রে দেখা যাকে অপর্ণাকে। অন্যদিকে আব্দুল মজিদ নামে গ্রাম্য তরুণের চরিত্রে থাকছেন জাজিদ হাসান।
রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং চলছে। জাহিদ-অপর্ণা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সুজাত শিমুল।
এছাড়াও ঈদের আরেকটি নাটকে একসঙ্গে জাহিদ-অপর্ণাকে দেখা যাবে ‘চান্দু মিয়ার ঢাকা সফর’ শিরোনামে আরেকটি নাটকে। নাট্যকার সোহেল রানার রচনা ও তারেক মিয়াজীর পরিচালনায় নির্মিত হয়েছে নাটকটি। এতে আরও অভিনয় করেছেন আরফান, ফারুক আহমেদ, রাহা তানহা খান প্রমুখ।

