নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবসের নতুন তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিবর্তিত তারিখ অনুযায়ী এখন থেকে প্রতিবছর ১৫ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হবে। বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের নতুন ক্যালেন্ডার থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে গত নয় বছর ধরে ২২ জুন বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালিত হয়ে আসছিল। অন্যান্য বছরের মতো এবারো ২২ জুন বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হবে স্বাভাবিক ভাবে এমনটাই ধরানা করেছিল সবাই। কিন্তু দশম বর্ষে এসে বিশ্ববিদ্যালয় দিবস পালনের তারিখ পরিবর্তন করায় ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সব মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তারিখ পরিবর্তনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সূত্র জানিয়েছে, ২০০৬ সালের ২২ জুন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। কিন্তু এর আগে অর্থাৎ ২০০১ সালের ১৫ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম নোয়াখালী জেলায় বিশ্ববিদ্যালয় করার বিষয়টি মন্ত্রীসভায় পাশ করেন। যেহেতু ২০০১ সালের ১৫ জুলাই নোয়াখালীতে বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত পাশ হয় সেই সুবাদে ১৫ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিলটি ২০০১ সালের হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বয়স এগারো এর পরিবর্তে পনেরো বছর হবে। সেদিক থেকে ২০১৬ সালের ১৫ জুলাই বিশ্ববিদ্যালয় ১৬ বছরে পদার্পণ করবে।

