নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি) ২১ জুনের পরিবর্তে ২৬ জুন থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে।
বিআরটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান (অতিরিক্ত সচিব) মঙ্গলবার সকালে বলেন, ‘অন্যান্য গণপরিবহনের মতো বিআরটিসির সারা দেশে বাস সার্ভিস নেই। বিআরটিসি সীমিত রুটে চলাচল করে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ২৬ জুন থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হবে।’
২১ জুন থেকে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রির কথা বলা হয়েছিল, এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ঈদের সময় এত আগে থেকে টিকিটের চাহিদা থাকে না। বিআরটিসির ক্ষেত্রে রিজার্ভ সার্ভিসের চাহিদা বেশি থাকে।
তিনি বলেন, ‘দেশের অধিকাংশ রুটেই আমাদের বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস থাকছে। সাড়ে ৪০০ বাস এজন্য প্রস্তুত করা হচ্ছে। রুট অনুযায়ী টিকিট প্রতি দাম এখনো নির্ধারণ করা হয়নি। প্রত্যেকটি ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি হবে। সেখান থেকে যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন।’
সরকারি এই সংস্থাটির মোট নয় শতাধিক বাসের মধ্যে ঢাকা থেকে বিভিন্ন রুটে চলবে সাড়ে ৪০০ বাস। ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে চলবে চার শতাধিক বাস। এছাড়াও ৫০টি বাস রিজার্ভ রাখা হবে। যাত্রী চাহিদা অনুযায়ী এসব বাস বিভিন্ন রুটে চলবে।
এবার বিআরটিসির সংশ্লিষ্ট ডিপোগুলোতে সরাসরি কিংবা বিকাশের মাধ্যমে টাকা দিয়ে টিকিট কেনার সুযোগ থাকছে।
বিআরটিসির মতিঝিল, জোয়ার সাহারা, কল্যাণপুর, মিরপুর দ্বিতল, মোহাম্মদপুর, উথলী (গাবতলী), গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।

