বিনোদন ডেস্ক : ইউটিউবে প্রকাশিত হয়েছে সঙ্গীতশিল্পী আর্নিকের নতুন মিউজিক ভিডিও ‘বলি আবার’। ফুয়াদ নাসের বাবুর সুরে গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সংগীতায়োজন করেছেন মাহমুদ সানী। ভিডিওটি পরিচালনা করেছেন মারুফ হাসান প্রেমন।
আর্নিক বললেন, ‘এখন যে ধরনের গান হচ্ছে আমি চেয়েছিলাম এর বাইরে গিয়ে একটা গান করতে। সেটার রেসপন্সও পাচ্ছি! সবাই গানটির জন্য অনেক প্রশংসা করছেন, ভালো লাগার কথা জানাচ্ছেন। আশা করি দিন যাওয়ার সাথে সাথে রেসপন্স আরো বাড়বে।’
ঈদের পরই সিডি আকারে প্রকাশ পাবে আর্নিকের প্রথম একক ‘বলি আবার’। সেই অ্যালবামেরই টাইটেল গান এটি। আটটি গান থাকবে এ অ্যালবামে। এরমধ্যে মৌলিক গান ৬টি। এগুলো হলো ‘অপূর্ণতা’, ‘জলছবি’, ‘মাতোয়ারা মন’, ‘মেঘলা দিন’, ‘বলি আবার’ এবং ‘তোমাকে দেখলেই’ (প্রতীক হাসানের সঙ্গে দ্বৈত)।
শেষে দুটি গানের ক্লাব মিক্স ভার্সনও থাকছে। সুর ও সংগীতায়োজনে ফোয়াদ নাসের বাবু, বাপ্পা মজুমদার, ডিজে আকস, সুমন কল্যাণ, মাহমুদ সানী ও প্রতীক হাসান। কথা লিখেছেন প্রদীপ সাহা, রবিউল ইসলাম জীবন, মাহমুদ মানজুর ও ফয়সাল রাব্বিকীন।
উল্লেখ্য, ২০১০ সালে আরফিন রুমির সঙ্গে আর্নিকের গাওয়া ‘না বলা ভালোবাসা’ বেশ জনপ্রিয় হয়। এরপর আরো কয়েকটি মিক্সড অ্যালবামে কণ্ঠ দেন তিনি। প্রায় ১০ বছর ধরে গান করলেও এবারই প্রথম একক অ্যালবাম নিয়ে আসছেন এই গায়িকা।

