নিজস্ব প্রতিবেদক : এক লাখ মুফতি, আলেম, ওলামা, আইম্মার দস্তখত সম্বলিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী ‘মানবকল্যাণে শান্তির ফতোয়া’ প্রকাশ করেছেন বাংলাদেশ জমিয়াতুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ।
শনিবার (১৮ জুন) দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ) গোল টেবিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ১ লাখ আলেম, মুফতি ও ইমামের ফতোয়া ও দস্তখত সংগ্রহ কমিটির আহ্বায়ক ও ঐতিহাসিক শোলাকিয়া মসজিদের গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ এটি উপস্থাপন করেন।
ইসলাম শান্তিবাদী, উদার, সহিষ্ণু এবং অসাম্প্রদায়িক এক ভারসাম্যপূর্ণ সামগ্রিক এক জীবনব্যবস্থা মন্তব্য করে আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ বলেন, ‘আল্লাহ তায়ালা নবীজীকে (সা.) পাঠিয়েছেন সারাবিশ্বের প্রতিটি বস্তুর জন্য রহমত এবং করুনার আধার হিসেবে। তার এবং তার সঙ্গী সাহাবীদের জীবনে মানুষের প্রতি কল্যাণকামিতার ভুরি ভুরি দৃষ্টান্ত বিদ্যমান।’
তিনি আরো বলেন, ‘পরিতাপের বিষয় আজ কতিপয় দুষ্কৃতকারী নিজেদের হীনস্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে মহাগ্রন্থ কোরআন ও হাদীসের অপব্যাখা দিয়ে ইসলামের নামে বিভিন্ন স্থানে সন্ত্রাস ও আতঙ্ক ছড়াচ্ছে। এতে সরলমনা কেউ কেউ বিভ্রান্তির শিকার হচ্ছেন। এই উগ্রবাদিরা মূলত ইসলাম ও মুসলিমেরই শক্র নয় মানবতারও শক্র। এদের কারণেই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ হুমকির সম্মুখীন।’
এই সন্ত্রাসীদের মানসিক অবস্থা বিভিন্নভাবে বিভ্রান্ত করা হয় বলে মন্তব্য করেন মাওলানা ফরিদ। তিনি তাদের চৈতন্যের বিভ্রম দূর করারও তাগিদ দেন। তিনি বলেন, ‘ধর্মীয় ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলাম ও মুসলিমদের কঠিন অবস্থান তুলে ধরা এবং কোরআন-হাদীসের অপব্যাখ্যার অপনোদন করে সঠিক বিষয়টি উপস্থাপনের জন্য একলাখ দেশবরেণ্য আলেম, মুফতি ও ইমামদের দস্তখতসহ ফতোয়া সংগ্রহ ও তা প্রকাশের সিদ্ধান্ত আসে। এই সন্ত্রাসবিরোধী ফতোয়ার প্রধান দুটি বৈশিষ্ট্য হল, জঙ্গিবাদিরা যে চেতনা থেকে বিভ্রান্ত হচ্ছে এবং বিভ্রান্তি ছড়াচ্ছে সেগুলো দূর করার চেষ্টা করা।’
১ লাখ আলেম, মুফতি ও ইমামের ফতোয়া ও দস্তখত সংগ্রহ কমিটির সদস্য সচিব মাওলানা আবদুর রহীম কাসেমীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সদস্য আল্লামা আলীম উদ্দীন দুর্লভপুরী, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আইয়ূব আনসারী, মাওলানা যাকারিয়া নোমান ফয়জী প্রমুখ।

