নিজস্ব প্রতিবেদক : সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সড়ক ও মহাসড়কের অবৈধ দখলমুক্তকরণ একটি চলমান প্রক্রিয়া। এরই ধারাবাহিকতায় মাঠ পর্যায়ে উচ্ছেদ প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (১৮ জুন) জাতীয় সংসদে বেগম হাজেরা খাতুনের (মহিলা আসন-১১) উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে সকাল ১০ টা ৪৫ মিনিটে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাহী ম্যজিস্ট্রেটরা সড়ক ও জনপথ অধিদপ্তরের অনুরোধে উচ্ছেদের কাজ করে যাচ্ছেন। এছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তরে প্রেষণে কর্মরত ও এস্টেট কর্মকর্তাদের উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য সরকার নির্বাহী ম্যজিস্ট্রেটকে ক্ষমতা অর্পণ করেছে।’
ভবিষ্যতে অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রক্রিয়া আরও জোরদার করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।
বেগম সানজিদা খানমের (মহিলা আসন-২৪) উত্থাপিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘জাল লাইসেন্স ব্যবহারকারী অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। জাল লাইসেন্স ব্যবহার না করার জন্য ড্রাইভারদের সচেতন করা, বিআরটিএ’র নিয়মিত কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। পুলিশ বিভাগ জাল লাইসেন্স ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এ কার্যক্রম অব্যাহত আছে।’

