বিনোদন ডেস্ক : ঈদের নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনয়শিল্পী অপর্ণা ঘোষ। ইতিমধ্যেই পাঁচটি নাটকের কাজ শেষ করে ফেলেছেন। প্রত্যেকটির নাটকেই ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হচ্ছেন তিনি। বার ড্যান্সার, ব্রোকেন ফ্যামেলিতে বেড়ে উঠা মেয়ে, আবার কখনো রাগী স্ত্রী রূপে ছোটপর্দায় আসছেন তিনি। প্রত্যেকটা নাটকেই তার বিপরীতে থাকছেন পাঁচজন ভিন্ন ভিন্ন নায়ক। তার নায়কের তালিকায় আছে মাহফুজ আহমেদ, নিশো, সজল, ইমন ও জন।
নির্মাতা মাহমুদ দিদারের ‘অলৌকিক প্রেমের ঘ্রাণ’ টেলিছবিতে তার বিপরীতে থাকছেন মাহফুজ। নাটকে অপর্ণা একজন বার ড্যান্সার। মাহফুজ একজন গ্যাংস্টার। আর নিশো থাকছেন মাবরুর রশিদ বান্নাহর ‘হ্যান্ডেড আউট অব হ্যান্ডেড’ নাটকে। এতে নিশো দেখা যাবে পাড়ার বখে যাওয়া তরুণ হিসেবে। যে কিনা অপর্ণার প্রেমে পড়ে অনেকটায় ভদ্র হয়ে যায়।
অপর্ণার আরেক নায়ক ইমন থাকছেন ‘অনুভবে অনুভূতি’ নাটকে। এতে এতে একজন নি:সঙ্গ তরুণীর চরিত্রে অভিনয় করছেন। নি:সঙ্গতা কাটাতে একবার ইন্দোনেশিয়ার বালিতে পাড়ি জমান। সেখানেই পরিচয় হয় সঙ্গীতশিল্পী ইমনের সঙ্গে। ভালো লাগা থেকে দুজনেই প্রেমে জড়িয়ে পরেন।
সাফায়েত মনসুর রানার নাম ঠিক না হওয়া একটি নাটকে তার নায়ক জন। অন্য নাটকগুলোর চেয়ে এই নাটকটির কাহিনী একটু আলাদ। বিয়ের আগে কারো সঙ্গে পরিচয় ছিলো না। পরিবারের পছন্দে একজন আরেকজনের সঙ্গে বিয়ে হয়। তাদের প্রেমটা মূলত জমে উঠে বিয়ের পরই। মাঝে কিছুটা জটিলতাও তৈরী হয়। তবে সককিছু পাশ কাটিয়ে দুজনেই একে অপরের পাশে থাকেন।
নির্মাতা সাহাদাত রাসেলের আরেকটি ঈদের নাটকে কাজ করছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সজল।
এছাড়াও বর্তমানে বিভিন্ন চ্যানেল অপর্ণার একাধিক ধারবাহিক প্রচার হচ্ছে। এর মধ্যে আছে আলভি আহমেদের শূন্য থেকে শুরু, সকাল আহমেদের ‘থার্ড আই’।
কলকাতায় ‘ভুবনমাঝি’ ছবির শুটিং করেছি। নির্মাতা ফখরুল আরেফিনের পরিচালনায় ‘ভূবনমাঝি’ শিরোনামে একটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। শিগগিরই মুক্তি পাবে ছবিটি।

