kamalনিজস্ব প্রতিবেদক : চলমান সাঁড়াশি অভিযানে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, নিরপরাধী কাউকে ধরা হয়নি।
বুধবার (১৫ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাটের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট অভিযানে গ্রেপ্তার সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী তাকে ওই কথা বলেন।
এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ৬৩০টি থানা রয়েছে। প্রতিটি থানায় প্রতিদিন ২০ জন করে গ্রেপ্তার করা হলেও ১২ হাজার ৬০০ হয়।’
তিনি আরও বলেন, ‘আগে প্রতিদিন কমবেশি ২ হাজারের মতো আটক করা হতো। কাজেই এই ফিগার মেলালে খুব বেশি হবে না।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গ্রেপ্তাররা ওয়ারেন্টভুক্ত আসামি ছিল, তাই তাদের ধরা হয়েছে। জঙ্গিদেরও ধরা হয়েছে।’
তবে ‘নিরপরাধ’ লোকজন গ্রেপ্তার হয়েছে, বিভিন্ন মহলের এ অভিযোগের কথা জানালে সাংবাদিকদের মন্ত্রী বলেন, ‘কোন নিরপরাধ ধরা হয়নি। নির্দিষ্ট অভিযোগ ও সন্দেহের ভিত্তিতে ধরা হয়েছে। যদি কেউ নিরপরাধ হন তাহলে সেটা আদালত সিদ্ধান্ত নেবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন নিরপরাধ কাউকে যেন গ্রেপ্তার করা না হয়।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত হঠাৎ করেই আমার অফিসে এসেছেন। নানা বিষয়ে তার সাথে আলোচনা হয়েছে। গত পরশু মার্কিন যুক্তরাষ্ট্রে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে আমরা ব্যথিত; এই কথা তাকে জানিয়েছি।’
‘ওই হত্যাকাণ্ডের পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন যুক্তরাষ্ট্রে কোনো আইএস নেই। আমরাও বলছি, বাংলাদেশে কোনো আইএস নেই’, বলেন আসাদুজ্জামান খাঁন কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সন্ত্রাস একটি গ্লোব থ্রেট (বিশ্বব্যাপী হুমকি)। এটা একসাথে মোকাবিবেলা করার ব্যাপারে মার্কিন রাষ্ট্রদূতের সাথে কথা হয়েছে। এ ব্যাপারে তিনি একমত হয়েছেন।’
মন্ত্রী বলেন, ‘মার্কিন দূতাবাস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও উপস্থিতি বাড়ানো হয়েছে।’ এতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মার্সিয়া বার্নিকাট।

