অর্থনৈতিক প্রতিবেদক : দেশের শিল্পখাতে ইসলামী ব্যাংকই সর্বোচ্চ বিনিয়োগকারী বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘রোযা ও তাকওয়ার আলোকে মানবিক ব্যাংকিং’ শীর্ষক এক সেমিনারে তিনি এ দাবি করেন।
আবদুল মান্নান বলেন, ইসলামী ব্যাংকই শিল্পখাতে সর্বোচ্চ বিনিয়োগকারী। দেশের পোশাকখাতে বিনিয়োগের ২২ শতাংশ ইসলামী ব্যাংকের। তিনি জানান, ইসলামী ব্যাংকে বর্তমান হিসাবধারীর সংখ্যা ১ কোটি ৭ লাখ। এ ব্যাংক আত্মকর্মসংস্থান এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পায়নে গুরুত্বপূর্ণ এসএমই খাতের বিকাশে অগ্রণী ও প্রধান ভূমিকা রাখছে।
তিনি আরো বলেন, প্রকট দারিদ্র দূর করতে ১৯৯৫ সাল থেকে পল্লী উন্নয়ন প্রকল্প পরিচালনা করা হচ্ছে। বর্তমানে ১৯ হাজারের বেশি গ্রামের প্রায় ১০ লাখ পরিবার এ প্রকল্পের সঙ্গে সংযুক্ত। এর মধ্যে ১ লাখ ২৫ হাজার পরিবার মাইক্রো ফাইন্যান্স থেকে মাইক্রো এন্টারপ্রাইজে উন্নীত হয়েছে।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মুস্তাফা আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান আযীযুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

