আন্তর্জাতিক ডেস্ক : বেলজিয়ামে একটি মালবাহী ও যাত্রীবাহী ট্রেনের মধ্যকার সংঘর্ষে কমপক্ষে তিনজন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। ওই অঞ্চলের মেয়রের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম বেলগা জানায়, রোববার দেশের পূর্বাঞ্চলীয় রেললাইনের নামুর ও লিজ সংযোগস্থলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এটি সেন্ট-জর্জ-সুর-মিউজ পৌরসভার কাছেই অবস্থিত।
বেলজিয়ামের রেল অবকাঠামোর ব্যবস্থাপক ইনফ্রাবেলের মুখপাত্র প্রেডেরিক সাক্রি এএফপিকে বলেন, যাত্রীবাহী ট্রেনটি দ্রুত গতিতে একই রেললাইন দিয়ে চলা ওই মালবাহী ট্রেনের পেছনে সজোরে ধাক্কা মারলে এ দুর্ঘটনা ঘটে।
এক যৌথ বিবৃতিতে বেলজিয়ামের জাতীয় রেল কোম্পানি (এসএনসিবি) ও ইনফ্রাবেল জানায়, দুর্ঘটনার সময় ওই ট্রেনে প্রায় ৪০ জন যাত্রী ছিল। বিবৃতিতে আরো বলা হয়, এতে ট্রেনটির ছয়টি বগির দু’টি লাইনচ্যুত হয়। ঘটনাস্থল থেকে এএফপি’র এক ফটোগ্রাফার জানান, ট্রেনটির সামনের বগিটি রেললাইনের পাশে সম্পূর্ণভাবে উল্টে যায়।
বেলগার খবরে বলা হয়, এ ধাক্কার শক্তি এতই বেশী ছিল যে এতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে লিজ থেকে পুলিশ পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি।

