আন্তর্জাতিক ডেস্ক : চাকরিজীবী কিংবা বেকার যেই হোক না কেন, মাসের শেষে যাতে সবাই ন্যুনতম বেতন পায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সুইজারল্যান্ডে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সুইজারল্যান্ডই একমাত্র দেশ যেখানে এই বিষয়ে গণভোট হচ্ছে।
সবার জন্য বেতনের দাবিতে প্রচারণা চালিয়ে আসছে ‘বেসিক ইনকাম সুইজারল্যান্ড’ নামে একটি গ্রুপ। এই গ্রুপটি মাস শেষে সবার পকেটে ২ হাজার ৫৫৫ মার্কিন ডলার যাতে যায় সে দাবি জানিয়ে আসছে। এ দাবির পক্ষে গণভোটের জন্য জুরিখে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। তবে জরিপে দেখা গেছে, দেশটির মাত্র এক চতুর্থাংশ নাগরিক এ গণভোটের পক্ষে আছেন।
‘বেসিক ইনকাম সুইজারল্যান্ড’ গ্রুপের নেতা চে ওয়াগনার বলেন, ‘আমরা ন্যূনতম বেতন চালু করতে চাই কারণ সুইজারল্যান্ডে সকল কাজের ৫০ ভাগের বেশিই বেতনবিহীন কাজ।, যেমন গৃহস্থালি কর্ম। একটি ন্যূনতম বেতন থাকে তাহলে সে ধরনের কাজের একটি মূল্য তৈরি হবে।’
তবে সুইস রাজনীতিবিদদের প্রায় কেউই এমন দাবি সমর্থন করছেন না। সুইস পিপলস পার্টির নেতা লুৎসি স্টাম এই গণভোটের বিপক্ষে তাঁর যুক্তি তুলে ধরেন বলেন, ‘তত্বীয়ভাবে যদি ধরা হয়, সুইজারল্যান্ড দ্বীপরাষ্ট্র তাহলে এটি ঠিক আছে। তবে উন্মুক্ত সীমান্ত বিবেচনায় সুইজারল্যান্ডের মতো উন্নত জীবনযাত্রার একটি দেশের জন্য এটি একেবারেই অসম্ভব। আপনি যদি প্রত্যেক ব্যক্তিকে অর্থ দিতে চান, তাহলে শত কোটি লোক আছে যারা সুইজারল্যান্ডে চলে আসার চেষ্টা করবে।’

